ঢাকায় আসছে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের দল, আলোচ্যসূচিতে নেই গঙ্গা চুক্তি নবায়ন
১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি থাকতেই চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির ৯১তম বৈঠকে যোগ দিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবর অনুযায়ী, বৈঠকটি আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
ভারত ও বাংলাদেশের সদস্যদের নিয়ে গঠিত এই যৌথ কমিটির দায়িত্ব গঙ্গার পানি বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ করা। তবে ভারত সরকারের সূত্র জানিয়েছে, ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা সফরের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি থাকছে না। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা।
ভারতের একটি সরকারি সূত্র দ্য প্রিন্টকে বলেছে, যৌথ কমিটির এই বৈঠকটি নিয়মিত কার্যক্রমের অংশ। বৈঠকে কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হবে। গঙ্গার পানি বণ্টন চুক্তির বিধান অনুযায়ী, ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে বছরে তিনবার যৌথ কমিটির বৈঠক হওয়ার কথা।
চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, যৌথ কমিটিকে সংগৃহীত সব তথ্যের ভিত্তিতে প্রতিবছর ভারত ও বাংলাদেশ সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিতে হয়। ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্যদের নেতৃত্বে গঠিত এই যৌথ কমিটির সর্বশেষ বৈঠক গত ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল।
চুক্তির সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী, দ্বিপক্ষীয় চুক্তিতে নির্ধারিত ব্যবস্থাগুলো বাস্তবায়নের দায়িত্ব যৌথ কমিটির। পাশাপাশি চুক্তি বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে তা পর্যালোচনা করা এবং ফারাক্কা ব্যারাজ পরিচালনার বিষয়টিও কমিটির দায়িত্বের মধ্যে পড়ে।
কোনো মতপার্থক্য বা বিরোধ যৌথ কমিটির মাধ্যমে সমাধান করা সম্ভব না হলে তা ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনে (জেআরসি) পাঠানো হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কমিশনের দায়িত্ব ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদ-নদীসংক্রান্ত সব বিষয় তদারকি করা।
৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও এর ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। ভারতের আরেকটি সরকারি সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, চুক্তিটি পুনরায় আলোচনা করে নতুন করে করার বিষয়ে এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
ওই সূত্র বলেছে, চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না এবং বাড়ানো হলে কী শর্তে তা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়।
বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গত সেপ্টেম্বরে দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, নতুন করে গঙ্গার পানি বণ্টন চুক্তি করার ক্ষেত্রে ভারতের উচিত ১৯৭৭ সালের চুক্তিতে থাকা ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তা-সংক্রান্ত ধারাটি অন্তর্ভুক্ত করা। তিনি বলেছিলেন, চুক্তিটি নবায়নের ক্ষেত্রে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করা বাংলাদেশের অন্যতম দাবি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই ধারার মাধ্যমে শুষ্ক মৌসুমের সবচেয়ে সংকটপূর্ণ সময়ে ভাটির দেশ বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছিল।
অন্যদিকে, ভারতের ভেতরেও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বিভিন্ন অংশীজন রাজ্যের পক্ষ থেকে আপত্তি উঠেছে, যার মধ্যে বিহার অন্যতম। ভারতের রাজ্যসভার সদস্য এবং জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় সভাপতি সঞ্জয় কুমার ঝা চলতি বছরের শুরুতে এই চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছিলেন। জনতা দল (ইউনাইটেড) বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) গুরুত্বপূর্ণ শরিক দল।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বণ্টন চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ফারাক্কায় পানিপ্রবাহের ভিত্তিতে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনভিত্তিক হিসাব অনুযায়ী এই পানি ভাগ করা হয় এবং চুক্তিতে পানি বণ্টনের জন্য একটি নির্দিষ্ট ফর্মুলা নির্ধারণ করা হয়েছে।
ফর্মুলা অনুযায়ী, ফারাক্কায় পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৭০ হাজার কিউসেক বা তার কম হলে ভারত ও বাংলাদেশ সমান পরিমাণ পানি পাবে। প্রবাহ প্রতি সেকেন্ডে ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক পানি, বাকি পানি পাবে ভারত। প্রবাহ প্রতি সেকেন্ডে ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক পানি, অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ। শুষ্ক মৌসুমের সবচেয়ে সংকটপূর্ণ সময়ের জন্যও চুক্তিতে আলাদা ফর্মুলা রয়েছে: ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত পর্যায়ক্রমে তিনটি ১০ দিন মেয়াদি সময়ে ভারত ও বাংলাদেশ উভয় দেশই ৩৫ হাজার কিউসেক করে পানি পায়।
তবে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ অস্বাভাবিকভাবে কমে গেলে বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার কোনো বাধ্যতামূলক নিশ্চয়তা বর্তমান চুক্তিতে নেই। চুক্তিতে বলা হয়েছে, কোনো ১০ দিন মেয়াদি সময়ে ফারাক্কায় পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশ ‘জরুরি ভিত্তিতে সমন্বয় করার জন্য অবিলম্বে আলোচনা’ শুরু করবে। এ ক্ষেত্রে ‘ন্যায্যতা, সুবিচার এবং কোনো পক্ষের ক্ষতি না করার নীতি’ অনুসরণ করে পানি বণ্টনের বিষয়ে সমন্বয় করতে হবে। অর্থাৎ, নদীতে পানির প্রবাহ অত্যন্ত কমে গেলে বাংলাদেশ ঠিক কতটুকু পানি পাবে, তা চুক্তিতে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা হয়নি।

