মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযানে রোগীর স্বজনদের কাছ থেকে পান, সুপারি, জর্দা ও চুন জব্দ

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। অভিযানটি চালানো হয় রোগীদের স্বজনদের কাছ থেকে।
জানা গেছে, চিকিৎসাসেবা চলাকালে ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান-সুপারি না খাওয়ার জন্য নিয়মিত মাইকিং করে সচেতন করা হয়। তবে এরপরও রোগী ও স্বজনেরা পান-সুপারি খাওয়া থেকে বিরত হচ্ছেন না।
পান খাওয়ার পর হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক ও চুন লাগিয়ে রাখছেন অনেকে। এতে করে হাসপাতালের রোগীদের কষ্ট হচ্ছে, একই সঙ্গে পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানা গেছে।
অভিযানে জব্দের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে কোনো রোগীর স্বজনকে পান-সুপারি সঙ্গে না আনার জন্য বলেছে।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রণয় কান্তি দাশ বলেন, ‘হাসপাতালের পরিবেশ রক্ষার জন্য আমরা এই অভিযান পরিচালনা করেছি। এর আগে হাসপাতালে আগত রোগীদের স্বজনদের পান-সুপারি না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি। তবে তাঁরা কেউ কথা শুনতে চান না। এ জন্য আজ অভিযান চালানো হয়েছে।’


