শীতে স্বাস্থ্য নিয়ে সাত ভুল ধারণা: মাথা দিয়ে তাপ বেরোনো থেকে গরম পানীয়ের বিশ্বাস

শীত এলেই অনেকের মধ্যে টনসিলের প্রদাহ, গলা ব্যথা, জ্বর আর সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দেয়। এই ঋতু ঘিরে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে, যেগুলো জানা থাকলে সামান্য সতর্কতায় শীতটা পার করা সহজ হয়।
প্রথম ভুল ধারণাটি মাথা দিয়ে তাপ বেরোনো নিয়ে। অনেককে বলতে শোনা যায়, শরীরের বেশির ভাগ তাপ মাথা দিয়েই বের হয়ে যায়, কেউ কেউ এই হার ৮০ শতাংশ পর্যন্ত বলে থাকেন।
আসল সত্য হলো, পুরো শরীর থেকেই সমানুপাতিক হারে তাপ বের হয়। মাথা পুরো শরীরের ত্বকের মাত্র ৭ থেকে ১০ শতাংশ জায়গা জুড়ে থাকে এবং শরীরের অন্যান্য অংশের তুলনায় মাথা দিয়ে দ্রুত তাপ বের হয় না।
ঠান্ডার সংস্পর্শে আসা শরীরের যেকোনো খোলা অংশ থেকেই তাপ বেরিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। মাথা সুরক্ষিত রাখতে টুপি পরা যায়, তবে শরীরের বাকি অংশের চেয়ে মাথায় তাপ হারানোর ঝুঁকি বেশি নয়।
দ্বিতীয় ভুল ধারণা গরম পানীয় নিয়ে। সারা দিন বাইরে ঠান্ডার মধ্যে থাকলে এক কাপ গরম পানীয় মানসিকভাবে উষ্ণতার অনুভূতি দিলেও তা শরীরের ভেতরের তাপমাত্রা বাড়ায় না। ঠান্ডা পানীয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এটি শরীরের ভেতরের তাপমাত্রা কমায় না।
কিছু নির্দিষ্ট শুষ্ক আবহাওয়ায় গরম পানীয় পান করলে ঘামের পরিমাণ বেড়ে গিয়ে শরীর বরং ঠান্ডা হতে পারে। ঘাম ত্বক থেকে বাষ্প হয়ে উড়ে গেলে সেই প্রক্রিয়াটি শরীরকে ঠান্ডা করে। তবে গরম পানীয় উপভোগ করা যেতেই পারে, শুধু মনে রাখতে হবে এটি শরীরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়াবে না।
তৃতীয় ভুল ধারণা, ঠান্ডা আবহাওয়ায় বাইরে বের হলেই অসুস্থ হতে হয়। সাধারণ সর্দি, ফ্লু এবং আরএসভির মতো অসুখগুলো ভাইরাস ও ব্যাকটেরিয়ার কারণে হয়, ঠান্ডা আবহাওয়ার কারণে নয়।
ঠান্ডা পড়লে মানুষ সাধারণত ঘরের ভেতরে বেশি সময় কাটায়। বদ্ধ ঘরে একই বাতাস বারবার চলাচল করে এবং সবাই কাছাকাছি থাকায় আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ভাইরাস দ্রুত ছড়ায়। এ ছাড়া সূর্যের আলো কম পাওয়ায় শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা দেয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমে গেলে নাসারন্ধ্রের রক্তনালি সংকুচিত হয়, যা ভাইরাস প্রতিরোধে বাধা সৃষ্টি করে।
তাই বাইরের ঠান্ডা খুব বেশি অস্বস্তিকর না হলে নির্মল বাতাস ও শরীরচর্চার জন্য বাইরে বের হওয়া ভালো। শুরুতে কিছুটা ঠান্ডা লাগতে পারে, কিন্তু হাঁটা বা দৌড়ানো শুরু করলেই শরীর আরামদায়ক তাপমাত্রায় পৌঁছে যায়।
চতুর্থ ভুল ধারণা সানস্ক্রিন নিয়ে। শীতে রোদে ত্বক পুড়ে যাওয়ার জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি দায়ী, তাপ নয়। এই রশ্মি মেঘ ও কুয়াশা ভেদ করেও আসতে পারে। শীতের বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক এমনিতেই শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়ে, ফলে সানস্ক্রিন ছাড়া রোদে থাকলে ত্বক দ্রুত পুড়ে যেতে পারে। এই রশ্মির প্রভাবে ত্বকে কালচে ভাব, অকালে বলিরেখা এবং ত্বকের ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি ঝুঁকিও তৈরি হয়। তাই শীতে বাইরে বের হওয়ার আগে এসপিএফযুক্ত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
পঞ্চম ভুল ধারণা পানি পান নিয়ে। শীতে ঘাম কম হয় এবং মস্তিষ্কের তৃষ্ণা অনুভব করার সংকেত কিছুটা দুর্বল হয়ে পড়ে, তাই অনেকেই মনে করেন শরীরে পানির চাহিদা কমে গেছে। কিন্তু শীতের শুষ্ক বাতাসে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ও ত্বকের উপরিভাগ থেকে অজান্তেই প্রচুর পানি বেরিয়ে যায়। পানি কম পান করলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, যা থেকে কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, ক্লান্তি ও কিডনির জটিলতাসহ নানা সমস্যা তৈরি হতে পারে। তাই তৃষ্ণা না পেলেও শীতে নিয়মিত বিরতিতে পরিমিত পানি পান করা জরুরি।
ষষ্ঠ ভুল ধারণা, শীতে অতিরিক্ত বা ভারী খাবার খেলে শরীর সব সময় গরম থাকে। খাবার হজমের সময় থার্মোজেনেসিস প্রক্রিয়ায় সাময়িকভাবে কিছুটা তাপ উৎপন্ন হলেও তা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। অতিরিক্ত খাবার খেলে শরীরের তাপমাত্রা দীর্ঘস্থায়ীভাবে বাড়ে না, বরং অতিরিক্ত ক্যালরি মেদ হিসেবে জমে এবং হজমের সমস্যা ও অলসতা তৈরি করে। পরিমিত পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি ও নিয়মিত ব্যায়ামই শরীরকে ভেতর থেকে উষ্ণ ও সতেজ রাখতে কার্যকর।
সপ্তম ভুল ধারণা প্রতিদিন গোসল নিয়ে। শীতের বাতাসে ধুলাবালি ও দূষণের মাত্রা বেশি থাকে, যা সারা দিনে ত্বক ও চুলে জমে। নিয়মিত গোসল না করলে শরীরের মৃত কোষ, প্রাকৃতিক তেল ও বাইরের জীবাণু ত্বকের লোমকূপ বন্ধ করে দেয়, ফলে দুর্গন্ধের পাশাপাশি চুলকানি, র্যাশ, খুশকি ও ছত্রাকজনিত চর্মরোগের ঝুঁকি বাড়ে। প্রতিদিন গোসল করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে, পেশির জড়তা কাটে এবং মানসিক সতেজতা ও ভালো ঘুম নিশ্চিত হয়। তবে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অতিরিক্ত গরম পানির বদলে কুসুম গরম পানি ব্যবহার করা এবং গোসলের পরপরই ময়েশ্চারাইজার বা লোশন লাগানো সবচেয়ে স্বাস্থ্যসম্মত উপায়।


