…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চার মাসে পোশাক রপ্তানি ১৩.৭৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধির ৯৭ শতাংশই বেসিক পণ্য থেকে

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৫ কোটি (১৩ দশমিক ৭৫ বিলিয়ন) মার্কিন ডলারে।

গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১ হাজার ২৯৯ কোটি (১২ দশমিক ৯৯ বিলিয়ন) ডলার। অর্থাৎ চার মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ (৭৫৬ মিলিয়ন) ডলার।

রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে মৌলিক বা বেসিক পোশাক খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, মোট পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ এসেছে এ খাত থেকে।

বেসিক পোশাক রপ্তানি আয় ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮ কোটি (১০ দশমিক ৭৮ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। ফলে মোট পোশাক রপ্তানিতে এ খাতের অংশীদারত্ব গত বছরের ৭৭ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৪১ শতাংশ হয়েছে।

বেসিক পোশাক খাতের রপ্তানি আয় বাড়াতে প্রধান ভূমিকা রেখেছে বটমওয়্যার, সোয়েটার ও টি-শার্ট। আলোচ্য সময়ে বটমওয়্যার (ট্রাউজার ও প্যান্টজাতীয় পোশাক) রপ্তানি আয় বেড়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার। সোয়েটার ও কার্ডিগানে বেড়েছে ১৯ কোটি ৫০ লাখ ডলার এবং টি-শার্ট ও ভেস্টে বেড়েছে ১৪ কোটি ১০ লাখ ডলার।

এই তিন পণ্য মিলেই মোট পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৮২ শতাংশ অবদান রেখেছে। প্রধান পণ্যগুলোর মধ্যে সোয়েটার রপ্তানিতে প্রবৃদ্ধির হার সর্বোচ্চ, ৮ দশমিক ৪৩ শতাংশ।

এ ছাড়া ক্ষুদ্র অনুষঙ্গ খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ২৬ শতাংশ। তবে এ খাতের মোট রপ্তানি আয় ছিল তুলনামূলক কম, মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার।

অন্যদিকে, আধা-মৌলিক বা সেমি-বেসিক পোশাক, বিশেষ করে শার্ট ও ব্লাউজ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে তুলনামূলক ধীরগতিতে। এ খাতে রপ্তানি আয় বেড়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ, আর চার মাসে আয় দাঁড়িয়েছে ১১১ কোটি (১ দশমিক ১১ বিলিয়ন) ডলারে।

তবে মোট পোশাক রপ্তানিতে সেমি-বেসিক পোশাকের অংশীদারত্ব কমেছে। গত অর্থবছরের একই সময়ে এ খাতের অংশ ছিল ৮ দশমিক ৪২ শতাংশ, যা চলতি অর্থবছরের প্রথম চার মাসে কমে ৮ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে।

উচ্চমূল্যের বা অ্যাডভান্সড পোশাক পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধি সবচেয়ে কম দেখা গেছে। এ খাতে রপ্তানি আয় বেড়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ ডলার। ফলে চার মাসে উচ্চমূল্যের পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৮৬ কোটি (১ দশমিক ৮৬ বিলিয়ন) ডলারে।

এ খাতের মধ্যে আউটারওয়্যার রপ্তানিতে ৩ কোটি ৮০ লাখ ডলার এবং টেকনিক্যাল ওয়্যারে ১ কোটি ৬০ লাখ ডলারের প্রবৃদ্ধি হয়েছে। তবে উচ্চমূল্যের পোশাকের তিনটি গুরুত্বপূর্ণ পণ্য ড্রেস, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যার এবং স্যুট ও এনসেম্বল রপ্তানিতে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

ড্রেস রপ্তানি কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যারে কমেছে ৮ দশমিক ২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বলে কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। এই তিন পণ্য মিলিয়ে রপ্তানি আয় কমেছে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার।

এর প্রভাব পড়েছে মোট পোশাক রপ্তানিতে উচ্চমূল্যের পণ্যের অংশীদারত্বেও। গত অর্থবছরের একই সময়ে এ অংশীদারত্ব ছিল ১৪ দশমিক ২৩ শতাংশ, যা চলতি অর্থবছরের প্রথম চার মাসে কমে ১৩ দশমিক ৫৪ শতাংশে দাঁড়িয়েছে।

সামগ্রিকভাবে, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও তা মূলত মৌলিক পোশাকনির্ভর। বেসিক পোশাকের রপ্তানি আয় ও বাজার অংশীদারত্ব বাড়লেও উচ্চমূল্যের পোশাক খাতে প্রবৃদ্ধি দুর্বল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যে রপ্তানি কমেছে। ফলে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি উচ্চমূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানো এবং পণ্যের বৈচিত্র্যকরণে গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

রমজানে দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধা…

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ এক বছরে ৩৮ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এজেন্ট ব্যাংকিং প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সেপ্ট…

অর্থনীতি ও ব্যবসা

প্রবৃদ্ধির পরের ধাপে শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ চায় এডিবি

বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে পৌঁছাতে আরও শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (…

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ
অর্থনীতি ও ব্যবসা

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ…