রংপুরের গঙ্গাচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই ওয়ার্ড নেতা গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের একজন গঙ্গাচড়া ইউনিয়নের ভুটকা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে সুলতান মিয়া ওরফে সাদ্দাম (৫৫)। তিনি গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
অপরজন উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে আবুল হাসান ওরফে খোকন (৪৩)। তিনি বড়বিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে আবুল হাসান ওরফে খোকনকে গ্রেপ্তার করা হয়। গত ১০ নভেম্বর দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে সন্ধ্যায় গঙ্গাচড়া বাজারের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে সুলতান মিয়া ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২১ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।




