…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বাণিজ্যচুক্তি নিয়ে বিরোধে বাল্ক স্কচে ১৬২.৫ শতাংশ শুল্ক বসাল ভারত, বন্দরে আটকা ৮০ কনটেইনার

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্যচুক্তি নিয়ে বিরোধে বাল্ক স্কচে ১৬২.৫ শতাংশ শুল্ক বসাল ভারত, বন্দরে আটকা ৮০ কনটেইনার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে বিরোধের জেরে বাল্ক স্কচ হুইস্কি আমদানিতে কার্যকর শুল্ক ও কর মিলিয়ে ১৬২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করছে ভারত। নতুন এই হার আগের ১৫০ শতাংশের চেয়েও বেশি, আর এতে বিপাকে পড়েছে ভারতের মদ উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।

বুধবার রয়টার্স জানায়, আটটি সূত্র ও সরকারি নথির বরাতে এই তথ্য পাওয়া গেছে। ভারত ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি গত জুলাইয়ে কার্যকর হয়।

চুক্তি অনুযায়ী, স্কচ হুইস্কি আমদানিতে শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হয়েছিল। এতে পেরনো রিকার্ড ও ডিয়াজিওর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বড় ধরনের সুবিধা পাবে বলে আশা করা হয়েছিল। প্রতিষ্ঠান দুটি যুক্তরাজ্য থেকে কনটেইনার ভর্তি স্কচ আমদানি করে ভারতে অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি উৎপাদন করে।

তবে চুক্তি কার্যকরের কয়েক মাসের মধ্যেই শুল্ক শ্রেণিবিন্যাস নিয়ে বিরোধ তৈরি হয়েছে। ভারতীয় তদন্তকারীদের দাবি, প্রতিষ্ঠানগুলো বাল্ক স্কচের ঘন নির্যাস আমদানির ক্ষেত্রে ভুল শুল্ক শ্রেণি ব্যবহার করছে।

তদন্তকারীদের মতে, এসব পণ্য পানীয় তৈরির কাঁচামাল নয়; বরং ‘কম্পাউন্ড অ্যালকোহলিক প্রিপারেশনস’ বা যৌগিক অ্যালকোহল প্রস্তুতি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। গত মে মাস থেকে এ ধরনের পণ্যের জন্য নতুন একটি শুল্ক শ্রেণি চালু করা হয়েছে, যেখানে ১৫০ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য। এর সঙ্গে স্থানীয় ভোগকর যুক্ত হওয়ায় মোট করের পরিমাণ দাঁড়াচ্ছে ১৬২ দশমিক ৫ শতাংশ।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পেরনো, ডিয়াজিও ও ব্যাকার্ডির মালিকানাধীন ৮০টির বেশি কনটেইনারে থাকা কয়েক হাজার লিটার বাল্ক স্কচ বিভিন্ন বন্দরে আটকে আছে।

তদন্ত চলাকালে অস্থায়ীভাবে পণ্য ছাড় করাতে আমদানিকারকদের পণ্যমূল্যের ৭৫ শতাংশ নগদ শুল্ক পরিশোধ করতে হচ্ছে, আর বাকি অর্থের বিপরীতে দিতে হচ্ছে ব্যাংক গ্যারান্টি।

পেরনো ও ডিয়াজিও আটকে থাকা পণ্য ছাড় করাতে ব্যাংক গ্যারান্টি ও অর্থায়নের ব্যবস্থা করছে। ব্যাকার্ডি এখনো পরবর্তী পদক্ষেপ ঠিক করেনি। ভারতের স্থানীয় প্রতিষ্ঠান রেডিকো খাইতান, অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স এবং তিলকনগর ইন্ডাস্ট্রিজও একই ধরনের তদন্তের আওতায় রয়েছে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন করের কারণে উৎপাদন ব্যয় বাড়বে এবং বাজারে স্কচভিত্তিক হুইস্কির সরবরাহ ব্যাহত হতে পারে। বিশেষ করে ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করা কঠিন হয়ে উঠবে।

ভারতে ব্রিটেন থেকে আমদানি করা স্কচ হুইস্কির প্রায় ৮০ শতাংশই আসে বাল্ক আকারে। এসব স্কচের সামান্য অংশ অন্যান্য স্পিরিটের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় তুলনামূলক সস্তা ভারতীয় হুইস্কি, যা ‘ইন্ডিয়ান মেড ফরেন লিকার’ (আইএমএফএল) নামে পরিচিত।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বিরোধ নিষ্পত্তিতে তারা ভারতের সঙ্গে আলোচনা চালাচ্ছে। ভারতও বলেছে, বিষয়টি দ্রুত সমাধান হবে। এদিকে স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশনের পূর্বাভাস, বাণিজ্যচুক্তির ফলে আগামী পাঁচ বছরে ভারতে স্কচ রপ্তানি ১৩৪ কোটি ডলার বাড়তে পারে। তবে শুল্ক নিয়ে চলমান বিরোধ সেই সম্ভাবনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

রমজানে দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধা…

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা
অর্থনীতি ও ব্যবসা

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ এক বছরে ৩৮ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এজেন্ট ব্যাংকিং প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সেপ্ট…

অর্থনীতি ও ব্যবসা

প্রবৃদ্ধির পরের ধাপে শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ চায় এডিবি

বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে পৌঁছাতে আরও শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (…

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ
অর্থনীতি ও ব্যবসা

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ…