ফের হামলার আতঙ্কে টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা, সরঞ্জাম নিয়ে যাচ্ছেন পুলিশ লাইন ও এসপি কার্যালয়ে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুনরায় হামলার আতঙ্কে পুলিশ সদস্যরা থানা ছেড়ে গোপালগঞ্জ পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশে যাচ্ছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আজ বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান ও ইজিবাইকে করে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন, এ বিষয়ে কেউ কথা বলতে চাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উপপরিদর্শক জানান, গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও আরআরএফের অফিসার ফোর্সের ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তাঁরা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন।
ওই উপপরিদর্শক বলেন, মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুলিশ সদস্যরা পুনরায় হামলার আতঙ্কে রয়েছেন। তবে কেউ পালিয়ে যাচ্ছেন না; সবাই গোপালগঞ্জ পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা থানা ঘেরাও করেন।
পরে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, আজ বুধবার সকালে জেলা শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেলেও মানুষের মধ্যে কাটেনি আতঙ্ক। সড়কে যানবাহন চলাচল করছে খুবই কম, নিত্যপ্রয়োজনীয় কিছু দোকানপাট ছাড়া তেমন কোনো দোকানপাটও খোলা দেখা যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নাম সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ লেখা একটি ব্যানার টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে কলেজের বাইরের দেয়ালে ব্যানারটি টাঙানো হয়।
গত রাতের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগামীকাল ১৯ নভেম্বর সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরেও জেলায় উদ্বেগ তৈরি হয়েছে। ওই দিন পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র।
গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।




