বান্দরবানের আলীকদমে বাসচাপায় পুলিশ কনস্টেবল সাজু চক্রবর্তী নিহত

বান্দরবানের আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় বাসচাপায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বুধবার বিকেলে লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজু চক্রবর্তী কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল আলীকদম থানায় ফিরছিলেন।
লামা-আলীকদম সড়কের শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। নিহত সাজু চক্রবর্তীর বাড়ি কক্সবাজার জেলায়।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেছেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশ সুপার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।




