…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বরগুনা হাসপাতালে টেকনোলজিস্টকে মারধর ও এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
বরগুনা হাসপাতালে টেকনোলজিস্টকে মারধর ও এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক মেডিকেল টেকনোলজিস্টকে মারধর ও ডিজিটাল এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মঙ্গলবার দুপুরে হাসপাতালের রেডিওলজি বিভাগে এক্স-রে করার দায়িত্ব পালনকালে এক মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলা চালানো হয়। এ সময় ডিজিটাল এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। এতে মেশিনটি বিকল হয়ে পড়েছে এবং এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

বক্তারা আরও বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা এবং সরকারি চিকিৎসা সরঞ্জাম ভাঙচুরের ঘটনা গ্রহণযোগ্য নয়। তাঁরা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযোগের বিষয়ে মাইনুল ইসলাম লিটন বলেন, তিনি তাঁর ভাবিকে এক্স-রে করাতে গিয়েছিলেন। এ সময় পরিবারের কয়েকজন সদস্যও তাঁর সঙ্গে ছিলেন। তাঁর অভিযোগ, টেকনোলজিস্ট আবুল হোসেন পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করেন এবং নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেন। এর প্রতিবাদ করলে আবুল হোসেন কক্ষের দরজা বন্ধ করে আনসার সদস্যদের ডাকেন। পরে তাঁকে সরিয়ে দরজা খুলে তাঁরা বের হয়ে আসেন। তবে ওই টেকনোলজিস্টকে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগও পাওয়া গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বরগুনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাসকিয়া সিদ্দিকার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে, আইসিইউর নমুনায় প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে

অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারে জীবনরক্ষাকারী ওষুধগুলো একের পর এক কার্যকারিতা হারাচ্ছে। গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশা…

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা
স্বাস্থ্য

৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসার বাড়ার পেছনে ই কোলাইয়ের বিষাক্ত পদার্থ কলিব্যাকটিন প্রধান সন্দেহভাজন: বিজ্ঞানীরা

শৈশবে অন্ত্রে থাকা কিছু ই কোলাই ব্যাকটেরিয়ার তৈরি কলিব্যাকটিন নামের বিষাক্ত পদার্থের সংস্পর্শ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে অন্ত্রের ক্যানসার বাড়ার প্র…

স্বাস্থ্য

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হকের হিসাবে এক বছরে ৯২ লাখ টাকার লেনদেন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে…

স্বাস্থ্য

পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর লক্ষ্য হারপিকের, চালু হলো ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’

আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীত…