আফ্রিকায় দ্রুত বাড়ছে সৌরবিদ্যুৎ, ২০২৬ সালে যুক্ত হতে পারে রেকর্ড ১৭ গিগাওয়াট সক্ষমতা
আফ্রিকায় দ্রুত বাড়ছে সৌরবিদ্যুতের ব্যবহার। বিদ্যুৎ সরবরাহের দুর্বলতা, সৌর প্যানেলের দাম কমে যাওয়া এবং বিকল্প জ্বালানির চাহিদা বাড়ায় মহাদেশটির বিভিন্ন দেশে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে।
গবেষকদের ধারণা, ২০২৬ সালে আফ্রিকায় রেকর্ড ১৭ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হবে। গবেষণা প্রতিষ্ঠান এমবার ও আফ্রিকা টেক ফিউচার্স ল্যাবের এক বিশ্লেষণে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
চীন থেকে আফ্রিকার দেশগুলোতে সৌর প্যানেল রপ্তানির তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠান দুটি এই হিসাব করেছে। তাদের ধারণা, আমদানি করা প্যানেলের প্রায় ৭৫ শতাংশ এরই মধ্যে স্থাপন করা হয়েছে। অন্য দেশ থেকে আমদানি করা প্যানেলের হিসাবও এতে যুক্ত করা হয়েছে।
গবেষকদের হিসাবে, ২০২৬ সালে আফ্রিকায় প্রতিদিন গড়ে প্রায় এক লাখ সৌর প্যানেল স্থাপন করা হতে পারে। এরই মধ্যে ১৯টি দেশে গত বছরের তুলনায় সৌরবিদ্যুৎ স্থাপনের পরিমাণ দ্বিগুণের বেশি হয়েছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে তা বেড়েছে ছয় গুণ।
তবে আফ্রিকার সৌরবিদ্যুতের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা কঠিন। কারণ, মহাদেশটির বেশির ভাগ সরকার সৌরবিদ্যুৎ স্থাপনের হালনাগাদ তথ্য প্রকাশ করে না। ফলে সরকারি হিসাবের চেয়ে বাস্তবে সৌরবিদ্যুতের সম্প্রসারণ আরও বেশি হতে পারে বলে মনে করছেন গবেষকরা।
সৌরবিদ্যুৎ শুধু দিনের বেলায় উৎপাদন করা যায়। এ কারণে এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা জলবিদ্যুৎ বা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সমান উৎপাদন দিতে পারে না। তারপরও নতুন করে যে পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে, তা আফ্রিকায় এক বছরে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির প্রায় সমান হতে পারে। একই সঙ্গে চীন থেকে ব্যাটারি আমদানিও দ্রুত বাড়ছে।
আফ্রিকায় সৌরবিদ্যুতের এই বিস্তারের অন্যতম উদাহরণ জিম্বাবুয়ে। রাজধানী হারারের একটি শিল্প এলাকায় দুটি তামাকের গুদামের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। লিম্পোপো ওয়ে পাওয়ার নামের প্রকল্পটি থেকে একটি কারখানায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ছাড়া হারারের বাইরে সেন্ট্রাগ্রিড নামে ২৫ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র রয়েছে।
তবে বড় সৌরবিদ্যুৎকেন্দ্রের চেয়ে বাড়ি, কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপনের প্রবণতা বেশি। গবেষকদের হিসাবে, আফ্রিকায় এ বছর যে নতুন সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত হবে, তার মাত্র এক-চতুর্থাংশ আসবে বড় প্রকল্প থেকে। বাকি অংশের বেশির ভাগই হবে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে স্থাপন করা সৌর প্যানেলের মাধ্যমে।
বিশেষ করে দুর্বল বিদ্যুৎ সরবরাহব্যবস্থার কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মেটাতে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রায় ৮০ শতাংশই রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানে।
জিম্বাবুয়েতে খনি, কৃষিখামার ও পর্যটনকেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। গ্রামাঞ্চলে সৌরবিদ্যুতের সাহায্যে পানির পাম্প চালানো হচ্ছে। জাতিসংঘও ছোট আকারের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বা মিনি-গ্রিড স্থাপনে সহায়তা করছে।
দেশটির বিদ্যুতের বড় অংশ এখনো কয়লাভিত্তিক কেন্দ্র ও কারিবা বাঁধ থেকে আসে। তবে কারিবা হ্রদের পানির ওপর ভাসমান অবস্থায় ৫০০ মেগাওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জিম্বাবুয়ের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠনের প্রধান ইশাইয়া ন্যাকুসেন্ডওয়া সৌরবিদ্যুতের এই বিস্তারকে ‘বিস্ফোরণ’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সরকারের কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছাড়াই এই পরিবর্তন ঘটছে।
এক দশক আগে প্রতি ওয়াট সৌর প্যানেলের দাম ছিল প্রায় এক ডলার। এখন তা ২০ সেন্ট বা তারও কম দামে পাওয়া যাচ্ছে। দাম কমায় সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার সহজ হয়েছে।

