বনানীর মশালমিছিলের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজনকে কারাগারে পাঠালেন আদালত

রাজধানীর বনানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশালমিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। হিরু কার্যক্রম নিষিদ্ধ নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
কারাগারে পাঠানো অপর দুজন হলেন যশোরের কেশবপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী উপকমিটির সদস্য ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান।
আজ তিনজনকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আব্দুল মতিন তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তিনজনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজ সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরুকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। একই দিন ভোর ৪টার দিকে রাজধানীর গুলশানের নিকেতন এলাকার নিজ বাসা থেকে ব্যারিস্টার রানাকে আটক করা হয়। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।
এদিকে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ঢাকার উত্তরা কসাইবাড়ি এলাকা থেকে কেশবপুরের আওয়ামী লীগ নেতা মুক্তকে আটক করা হয়। পরে তিনজনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর বনানী থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানার স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে মশাল হাতে মিছিল করছিলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলে ১০০ থেকে ১২০ জন অংশ নেন। এজাহারে বলা হয়, তাঁরা সরকারবিরোধী প্রচার ও নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।
এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ, তাঁদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক। পরে ঘটনাস্থল ও আশপাশ থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল এবং একটি ব্যানার জব্দ করা হয়। ব্যানারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবি লেখা ছিল।
তদন্ত কর্মকর্তা আটক রাখার আবেদনে উল্লেখ করেন, বনানী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বিভিন্ন গ্রুপকে অর্থসহায়তা দিচ্ছেন। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও আবেদনে জানানো হয়।




