ইরাকে আইএসে যোগ দেওয়ার দায়ে ছয় ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

ইরাকের একটি আদালত বুধবার ছয়জন ফরাসি নাগরিককে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সদস্য হওয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
এই ছয়জন সেই ৪৭ জন ফরাসি নাগরিকের মধ্যে রয়েছেন, যাদের গত বছর সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হয়েছিল এবং চরমপন্থী সংগঠনের সদস্যপদের অভিযোগ আনা হয়েছিল। সেপ্টেম্বরে তাদের বিচার শুরু হয়।
বুধবারের রায়ের আগে ওই দলের ১০ জনকে ইতিমধ্যে সাজা দেওয়া হয়েছিল, তাদের বেশির ভাগকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আদালতকক্ষে উপস্থিত এএফপির একজন সাংবাদিক বুধবারের রায়ের খবর জানান।
সাজাপ্রাপ্তদের একজন বার্নুইন, বয়স ৪৫। তিনি এই মাসে বিচার চলাকালে আদালতকে বলেন, তিনি সিরিয়ায় গিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন এটি তার ধর্মীয় কর্তব্য। তিনি বলেন, আইএস যে ফ্রান্সে হামলা চালাবে, তা তিনি জানতেন না।
২০০০-এর দশকের শুরুতে ইসলাম ধর্ম গ্রহণ করা বার্নুইন ধীরে ধীরে উগ্রপন্থায় জড়িয়ে পড়েন এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের একটি জিহাদি নেটওয়ার্কের অংশ হয়ে ওঠেন। ওই নেটওয়ার্কে মোহামেদ মেরাহও ছিলেন, যিনি ২০১২ সালে ফ্রান্সের তুলুজে একটি ইহুদি স্কুলে চারজনকে হত্যা করেছিলেন, যাদের তিনজনই ছিল শিশু।
বার্নুইন ২০১৪ সালে সিরিয়ায় আইএসে যোগ দেন। তিন বছর পর কুর্দি নেতৃত্বাধীন বাহিনী তাকে আটক করে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ৬০টির বেশি দেশের ৫ হাজার ৭০০-র বেশি আইএস বন্দিকে সিরিয়া থেকে ইরাকের হেফাজতে স্থানান্তর করার সময় ইরাকের কারাগারগুলোতে ইতিমধ্যে বিপুলসংখ্যক সন্দেহভাজন জিহাদি বন্দি ছিলেন। তারা সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর পরিচালিত কারাগারে বছরের পর বছর কাটিয়েছেন। আদালতের একটি সূত্র জানিয়েছে, রোববার থেকে তাদের বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
ইরাকের আদালতগুলো বছরের পর বছর ধরে সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের, বিদেশি যোদ্ধাসহ, শত শত মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কিছু মানবাধিকার গোষ্ঠী এই বিচারপ্রক্রিয়াকে তড়িঘড়ি বলে সমালোচনা করেছে এবং বলেছে, আসামিদের ন্যায্য বিচারের সুযোগ থেকে বঞ্চিত করা হয়।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত শীর্ষ সময়ে আইএস ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করত। ওই সময়ে গোষ্ঠীটি গণহত্যা চালায় এবং নারী ও মেয়েদের যৌন দাসত্বে বাধ্য করে।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সমর্থনে বাগদাদ ২০১৭ সালে গোষ্ঠীটির বিরুদ্ধে বিজয় ঘোষণা করে। দুই বছর পর ওয়াশিংটনের সমর্থনে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় আইএসকে পরাজিত করে।
ইরাক এখনও সেই পরবর্তী পরিস্থিতি সামলাচ্ছে: এখনও গণকবর আবিষ্কৃত হচ্ছে এবং আইএসের নৃশংসতার অনেক বিবরণ এখনও তদন্ত করা বাকি রয়েছে।
হাজার হাজার ইউরোপীয় আইএসে যোগ দিতে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন। ফ্রান্স ফরাসি জিহাদিদের স্বজনদের দেশে ফিরে আসার অনুমতি দিয়েছে, কিন্তু বেশির ভাগ যোদ্ধাকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে, ফলে তাদের বিদেশেই বিচারের মুখোমুখি হতে হচ্ছে।


