মধ্য গাজায় নতুন ইসরায়েলি অভিযান: নুসেইরাত শিবির ছাড়ছেন ফিলিস্তিনিরা, নিহত অন্তত ৩
মধ্য গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার এই অভিযান শুরু হয়।
গাজায় আল জাজিরার প্রতিবেদকেরা জানিয়েছেন, নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বে এবং বুরেইজ শিবিরের উত্তরে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরায়েলি ট্যাংক তৎপর ছিল, ড্রোন হামলা ও গোলাবর্ষণের মধ্যে।
আল-আওদা হাসপাতালের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, নুসেইরাত শিবিরের উত্তরে আল-মুঘরাকা শহরে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদকেরা জানিয়েছেন, বুধবার নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরাংশ এবং ইসরায়েলি সামরিক অভিযানের কাছাকাছি এলাকা থেকে পরিবারগুলো পালিয়ে গেছে।
এর আগে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় তৎপর তাদের বাহিনীর প্রতি ‘হুমকি দূর করা’ই এই অভিযানের লক্ষ্য এবং অভিযানটি ইয়েলো লাইনের পশ্চিমে চালানো হচ্ছে।
ইয়েলো লাইন গাজার ইসরায়েলি-অধিকৃত এলাকা চিহ্নিত করে এবং এটি ২০২৫ সালের অক্টোবরের গাজা ‘যুদ্ধবিরতির’ অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘গাজা উপত্যকায় যেকোনো তাৎক্ষণিক হুমকি দূর করতে প্রয়োজনে কাজ করা ও চলাচলের স্বাধীনতা আমরা সংরক্ষণ করি।’
হামাস এই ইসরায়েলি অভিযানকে ‘যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।
গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ‘সহিংসতা ও বোমাবর্ষণের হুমকির মধ্যে চালানো জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ ও নাগরিকদের বাস্তুচ্যুতি একটি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’ বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপের লক্ষ্য নাগরিকদের গাজা উপত্যকার একটি সংকীর্ণ অংশে ঠেলে দেওয়া, যা চলমান মানবিক বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলছে।
হামাস বলেছে, এই সামরিক অভিযান ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধের পরিণতির জন্য তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে।
ইসরায়েলি অভিযানের ঘোষণার আগে গাজা উপত্যকায় দুটি ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আল জাজিরাকে জানিয়েছে। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে শেখ ইজলিন এলাকায় হামলায় একজন নিহত ও অন্যরা আহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার দেইর এল-বালায় পৃথক হামলায় একজন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৭ জনের মৃত্যু ও ১৫ জন আহতের তথ্য রেকর্ড করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, ওই সময়ে ছয়জন ইসরায়েলের হাতে নিহত হয়েছেন এবং একজন আগের হামলায় পাওয়া আঘাতে মারা গেছেন।

