শরীরে আটটি গুলির ক্ষত: টেকনাফে পাঁচ ঘণ্টার চিকিৎসা শেষে সঙ্গীর সঙ্গে বনে ফিরল মাদি হাতিটি

কক্সবাজারের টেকনাফে আহত অবস্থায় লোকালয়ে ঘোরাফেরা করা মাদি হাতিটিকে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর পুরুষ সঙ্গীর সঙ্গে গভীর বনে ফেরানো হয়েছে। শরীরের আটটি স্থানে গুলির ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতর হাতিটির চিকিৎসার সময় এক মুহূর্তের জন্যও সরে যায়নি পুরুষ হাতিটি।
আজ বুধবার বিকেলে টেকনাফের গভীর বনাঞ্চলে এ ঘটনা ঘটে। চিকিৎসা শেষে মাদি হাতিটি উঠে দাঁড়ালে তার পাশে এসে দাঁড়ায় সঙ্গী। পরে পুরুষ হাতিটিকে অনুসরণ করে ধীরে ধীরে বনের ভেতরে চলে যায় আহত হাতিটি।
আহত হাতিটির শারীরিক অবস্থা ও গতিবিধি পর্যবেক্ষণে আগামী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। একই সঙ্গে হাতিটিকে গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান শুরু হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, আহত হাতিটির সন্ধানে মঙ্গলবার বন বিভাগের একটি দল ড্রোন নিয়ে টেকনাফের গভীর বনাঞ্চলে অভিযান চালায়। বিকেলে একটি পাহাড়ের ওপর হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। তবে পাহাড়ের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকায় সেখানে চিকিৎসা দিতে গেলে হাতিটি নিচে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এ কারণে সেদিন চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
তারিকুর রহমান বলেন, বুধবার সকালে হাতিটি পাহাড় থেকে নিচে নেমে এলে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। সকাল ১১টার দিকে বন্যপ্রাণী চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল দূর থেকে বিশেষ ইনজেকশন প্রয়োগের মাধ্যমে চিকিৎসা শুরু করে। বিকেল চারটা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে চিকিৎসা।
বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, ‘আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পাহাড়ে অবস্থানরত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হাতিটিকে গুলি করেছে। কারা এবং কী কারণে হাতিটিকে গুলি করেছে, তা শনাক্ত করতে বন বিভাগ অনুসন্ধান শুরু করেছে।’
এর আগে সোমবার সকালের দিকে টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে আহত হাতিটিকে সঙ্গে নিয়ে লোকালয়ে নেমে আসে পুরুষ হাতিটি। বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর বন বিভাগ হাতিটির চিকিৎসার উদ্যোগ নেয়।




