তুরাগে অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
রাজধানীর তুরাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৮ নভেম্বর সন্ধ্যায় তুরাগের ১৭ নম্বর সেক্টরে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক জিএস মো. হৃদয় (২৬) এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সদস্য মো. নাঈমুল হুদা শান্ত (২৫)।
তুরাগ থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপি উত্তরা বিভাগের তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান ও মশাল মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁরা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বড় ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিলেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। গত ১২ নভেম্বর দায়ের করা ওই মামলায় তাঁকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




