খুলনার রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা ও লুট, নগদ টাকা ও দুটি মোবাইল ছিনতাই

খুলনা নগরীর রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার মাগরিবের আজানের সময় এই হামলা হয়। এ সময় তারা ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের আজানের কিছুক্ষণ পর ৫০ থেকে ৬০ জন যুবক এসে টুঙ্গিপাড়া লেখা সাইনবোর্ড নামিয়ে রাখার কথা বলেন। কিন্তু বিক্রেতা একা থাকায় সেটি খুলতে পারেননি। এরপর দুর্বৃত্তরা কাউন্টারের মধ্যে হামলা চালায়।
কাউন্টার ম্যানেজার মন্টু বলেন, দুর্বৃত্তরা ক্যাশ কাউন্টার থেকে নগদ পাঁচ হাজার টাকা ও টিকিট বিক্রেতার কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
যাওয়ার সময় তারা কাউন্টারের মধ্যে থাকা কম্পিউটারের মনিটর এবং ক্যামেরা ভাঙচুর করে এবং হার্ডডিস্ক খুলে নিয়ে যায় বলে ম্যানেজার জানান।
মন্টু আরও বলেন, তিনি অসুস্থ থাকায় কাউন্টারে যেতে পারেননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করবেন বলে তিনি জানান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।




