খুলনার দিঘলিয়ায় উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, লকডাউনের আগের রাতে জজ আদালতে ককটেল

খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে উপজেলার বগদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী। তিনি জানান, বুধবার রাতে যৌথ অভিযান চালিয়ে বগদিয়া এলাকার নিজ বাড়ি থেকে মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ২০২৪ সালে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আবদুল হালিম হত্যা মামলায় মোল্লা আকরাম হোসেনকে আটক করেছিল যৌথবাহিনী।
একই রাতে খুলনা জেলা জজ আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ককটেলটি নিক্ষেপ করে দুজন দুর্বৃত্ত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
খুলনা নগরীর রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া বাস কাউন্টারেও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার মাগরিবের আজানের সময় চালানো ওই হামলায় তারা ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
এদিকে খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও পাহারা দিতে দেখা গেছে তাঁদের। দলীয় সূত্র জানিয়েছে, রাতভর রাজপথে অবস্থান করবেন নেতা-কর্মীরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মাওয়া রুটে খুলনা-গোপালগঞ্জ-ঢাকাগামী সব পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরের পর থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, দোলা, এনাসহ সব পরিবহন চলাচল বন্ধ রাখা হয়।




