নড়াইলের কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির শোভাযাত্রায় হামলায় দুই নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
রাত ১০টার দিকে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রাটি কালিয়া পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
হামলায় কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
