নারায়ণগঞ্জের বন্দরে আবার পুকুরে কুমির, তিন পাম্পে পানি সেচে উদ্ধারের প্রস্তুতি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের একটি পুকুরে আবার কুমিরের দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার ওই পুকুরে স্থানীয় লোকজন কুমিরটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে মানুষের ভিড় জমে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমির দেখার পর স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।
কুমিরটি উদ্ধারে পুকুরের পানি সেচে ফেলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ জন্য বসানো হয়েছে তিনটি পাম্প — স্থানীয়ভাবে দুটি এবং ফায়ার সার্ভিসের একটি। পানি কমে গেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে বলে প্রশাসন জানিয়েছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, মুসাপুর ইউনিয়নের ওই পুকুরে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়েছে। সেটিকে উদ্ধারের জন্য পুকুরের পানি নিষ্কাশন করা হচ্ছে।
বন্দর উপজেলার বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, পাম্পের মাধ্যমে পানিনিষ্কাশনের কাজ চলছে। ইতিমধ্যে পুকুর থেকে প্রায় দেড় ফুট পানি কমানো হয়েছে। এখনো সাত থেকে আট ফুট পানি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পুকুরে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে।
তবে মুসাপুরের পুকুরের এই কুমিরটি দুই মাস আগে তিনগাঁওয়ে দেখা দেওয়া কুমির কি না, তা নিশ্চিত হতে পারেননি বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুলের ধারণা, এটি তিনগাঁও এলাকায় আগে দেখা দেওয়া কুমিরটিই হতে পারে। তবে উদ্ধার না করা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দা নুরে আলম বলেন, মঙ্গলবার বিকেলে পুকুরে কুমিরটি দেখা গেছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কুমির দেখা দেওয়ার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে কেউ পুকুরে নামছেন না।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকায় একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় লোকজন। পরে কুমিরটি পাশের আরেকটি পুকুরে চলে যায় বলে ধারণা করা হয়।
সেবার খবর পেয়ে বন বিভাগ ও ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে জাল ফেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। তবে সেটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি।
এরপর কুমিরটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কচুরিপানায় ভরা পুকুর ও আশপাশের জলাশয়ে খোঁজ করেও সেটির অবস্থান নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। ওই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল উপজেলা প্রশাসন।



