…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

কপ৩১-এ আনতালিয়ায় বিশেষজ্ঞরা: আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতি ঝুঁকিতে পড়ছে বলে মত দিয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী ও জ্বালানি বিশেষজ্ঞরা। বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা এবং ভূরাজনৈতিক সংঘাতের কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এতে জ্বালানি আমদানিতে ব্যয় বাড়ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ছে।

‘এশিয়ায় জ্বালানি নিরাপত্তার নতুন ভাবনা: ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ ফর এনডিসি। এতে সহযোগিতা করে ফ্রেন্ডস অব দ্য আর্থ এশিয়া প্যাসিফিক।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের নিজস্ব গ্যাসের সরবরাহ কমে আসায় এলএনজি, তেল ও কয়লা আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে এসব জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়ে যায়। একই সঙ্গে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করতে সমস্যায় পড়েছিল বাংলাদেশ। ওই বছরের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেশি থাকলেও প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কমাতে হয়েছিল। আইইএর ২০২৬ সালের বিদ্যুৎ খাতবিষয়ক মূল্যায়নেও এলএনজির দামের ওঠানামায় বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে মোট আমদানি ব্যয় হয়েছে ৬ হাজার ১৬২ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৯২ শতাংশ বেশি। জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে বাড়তি ব্যয়ও এই চাপের অন্যতম কারণ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

ফ্রেন্ডস অব দ্য আর্থ জাপানের আয়ুমি ফুকাকুসা বলেন, জ্বালানি নিরাপত্তার বিষয়টি এখন সাধারণ মানুষের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থের দিক থেকে বেশি বিবেচনা করা হচ্ছে এবং নীতিনির্ধারণে জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থও প্রভাব ফেলছে। হরমুজ প্রণালির সংকটসহ বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনা দেখিয়ে দিয়েছে, জীবাশ্ম জ্বালানিনির্ভর ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

থাইল্যান্ডের সংগঠন দ্য ক্লাইমেট ওয়াচের এক প্রতিনিধি বলেন, দেশটির প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ জীবাশ্ম গ্যাস থেকে উৎপাদিত হয়। আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল হলে জ্বালানির দাম বাড়ার প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়ে বলে তিনি উল্লেখ করেন এবং প্রচলিত জ্বালানি নিরাপত্তার ধারণা থেকে বেরিয়ে ‘জ্বালানি সার্বভৌমত্বের’ দিকে যাওয়ার আহ্বান জানান।

ইন্দোনেশিয়ার পরিবেশবাদী সংগঠন ওয়ালহির উলি আরতা সিয়াগিয়ান বলেন, জ্বালানিকে শুধু অর্থনৈতিক বা ভূরাজনৈতিক সম্পদ হিসেবে দেখলে চলবে না, এটি জনগোষ্ঠীর অধিকার হিসেবেও স্বীকৃতি দিতে হবে। ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে হলে নতুন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন বলেও তিনি বলেন।

ফসিল ফুয়েল ট্রিটি ইনিশিয়েটিভের হারজিত সিং বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো ও বাধ্যতামূলক অঙ্গীকার প্রয়োজন। কপ৩১-এ আলোচনাধীন খসড়া সিদ্ধান্তে টিএএফএফের উল্লেখ থাকাকে তিনি স্বাগত জানালেও এর বাস্তবায়নে সুস্পষ্ট রূপরেখা ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে এলএনজি আমদানি আরও বাড়ানোর পরিকল্পনা থাকলেও আমদানিনির্ভরতা না কমালে আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব থেকে মুক্তি পাওয়া কঠিন। এ পরিস্থিতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়, বিদ্যুৎ সংরক্ষণব্যবস্থা এবং আধুনিক সঞ্চালন ও বিতরণ অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তাঁরা।

পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বাধা দূর করা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানান বক্তারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও তুরস্কের দুই ফাউন্ডেশন, আনতালিয়ায় সমঝোতা স্মারক সই

টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে সহযোগিতা এগিয়ে নিতে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি স…

নারায়ণগঞ্জের বন্দরে আবার পুকুরে কুমির, তিন পাম্পে পানি সেচে উদ্ধারের প্রস্তুতি
আবহাওয়া ও পরিবেশ

নারায়ণগঞ্জের বন্দরে আবার পুকুরে কুমির, তিন পাম্পে পানি সেচে উদ্ধারের প্রস্তুতি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের একটি পুকুরে আবার কুমিরের দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাতাকাটা ভররঞ্জি পাড়া এলাকার ওই পুকুরে স্থা…

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, বৃহস্পতিবার কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ
আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর, বৃহস্পতিবার কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার–সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ …

শরীরে আটটি গুলির ক্ষত: টেকনাফে পাঁচ ঘণ্টার চিকিৎসা শেষে সঙ্গীর সঙ্গে বনে ফিরল মাদি হাতিটি
আবহাওয়া ও পরিবেশ

শরীরে আটটি গুলির ক্ষত: টেকনাফে পাঁচ ঘণ্টার চিকিৎসা শেষে সঙ্গীর সঙ্গে বনে ফিরল মাদি হাতিটি

কক্সবাজারের টেকনাফে আহত অবস্থায় লোকালয়ে ঘোরাফেরা করা মাদি হাতিটিকে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর পুরুষ সঙ্গীর সঙ্গে গভীর বনে ফেরানো হয়েছে। শ…