…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ম্যানিলা সম্মেলনে শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্লেজিং সেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই অঙ্গীকারনামা উপস্থাপন করা হয়। নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ তুলে ধরে প্রতিটি শিশুর জন্য সহিংসতামুক্ত ও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলায় অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রীর সঙ্গে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই জাতীয় অঙ্গীকারনামা প্রণয়ন করা হয়েছে। তৃণমূল থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায়ের সবার মতামতের প্রতিফলন ঘটিয়ে শিশুদের প্রতি সহিংসতা নির্মূলে সাতটি বিশেষ ক্ষেত্রকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অঙ্গীকারনামার প্রথম অগ্রাধিকার হিসেবে শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে সুশাসন ও অর্থায়ন শক্তিশালী করার কথা বলা হয়েছে।

দ্বিতীয় অগ্রাধিকারে প্রচলিত শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ বিদ্যমান নীতিমালাগুলোকে আরও সময়োপযোগী ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সহিংসতা ও ক্ষতিকর সামাজিক প্রথা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

তৃতীয় অগ্রাধিকার হিসেবে জাতীয় পর্যায়ে ইতিবাচক অভিভাবকত্ব বা ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, এই উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ রূপকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

চতুর্থ অগ্রাধিকারে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা এবং সমাজসেবা খাতে দক্ষ জনবল বাড়ানোর মাধ্যমে শিশু সুরক্ষা ও সহায়তা সেবাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পঞ্চম অগ্রাধিকারে অনলাইনে শিশুদের প্রতি সহিংসতা ও সাইবার বুলিং মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জরুরি পরিস্থিতি ও ডিজিটাল পরিসরে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ষষ্ঠ অগ্রাধিকারে শিশু সুরক্ষা কার্যক্রমে তথ্যব্যবস্থা, সঠিক উপাত্ত সংগ্রহ এবং জবাবদিহি কাঠামো শক্তিশালী করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও ফলাফল মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সপ্তম অগ্রাধিকারে শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন যেকোনো নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সরাসরি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সম্মেলনে মন্ত্রী আরও বলেন, এই সাতটি অঙ্গীকার যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এমন একটি সমাজ ও ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিশু ভয়ডরহীন ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে।

ফিলিপাইনের ম্যানিলায় আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও সরকারি প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
জাতীয়

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয়…

জাতীয়

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও কম মজুরি নিয়ে উদ্বেগ জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বলেছেন, বাংলাদ…

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ
জাতীয়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ

সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয় ২০২১ সালের ১৮ ফেব্রুয়া…

জাতীয়

২০২৭ সালের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।…