…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয় ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে পাঁচ বছরের বেশি সময়ে মাত্র ৩৫টি রায় বাংলায় অনুবাদ করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অনূদিত এই ৩৫টি রায়ের মধ্যে আপিল বিভাগের রায় ১১টি ও হাইকোর্ট বিভাগের রায় ২৪টি।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে আমার ভাষা সফটওয়্যার দিয়ে রায় অনুবাদ বন্ধ রয়েছে। আমরা নিজেরা বিকল্প চিন্তা করছি।’

সংবিধান এবং আইনি বাধ্যবাধকতার কারণে অধস্তন আদালতে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব রায়ই বাংলায় দেন বিচারকেরা। আইনজীবীরা প্রায় সব আবেদন জমা দেন বাংলায়। তবে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিলেও বাকিরা দেন ইংরেজিতে। আইনজীবীরা হাতে গোনা কয়েকটি ছাড়া সব আবেদনও জমা দেন ইংরেজিতে। অবশ্য উচ্চ আদালতে আগের চেয়ে বাংলায় রায় দেওয়ার প্রবণতা বাড়ছে।

জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘বিচারপ্রার্থীরাও তাঁদের রায় সম্পর্কে জানতে চান। সে জন্য বাংলায় রায় অনুবাদ করার বিষয়টি ভালো উদ্যোগ ছিল। আশা করি, বর্তমান প্রধান বিচারপতি সেই কার্যক্রম আবার শুরু করবেন।’

বাংলা ভাষা প্রচলন আইনের ৩(২) ধারায় বলা হয়েছে, ৩(১) উপধারা অনুযায়ী কোনো কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করেন, তাহলে তা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। আইনটি পাসের পর থেকে সুপ্রিম কোর্ট প্রশাসনের দাপ্তরিক আদেশ ও নির্দেশনা বাংলায় হচ্ছে। তবে সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন না হওয়ায় ২০১৪ সালে প্রতিকার চেয়ে রিট করেন এক আইনজীবী।

সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের নির্দেশনা চেয়ে করা রিটটির পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি রুলসহ হাইকোর্ট গাড়ির নম্বরপ্লেট, সব ধরনের সাইনবোর্ড ও নামফলক বাংলায় লিখতে আদেশ দেন। তবে ওই রুল এখনো নিষ্পত্তি হয়নি বলে জানান রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

সুপ্রিম কোর্টের ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে ভারতের সহযোগিতায় ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর ইংরেজিতে দেওয়া রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বাংলায় দেখতে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি প্রযুক্তিসেবা সংযোজন করা হয়। এর উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন, রায় বাংলায় যথাযথভাবে অনুবাদ হলে বিচারপ্রার্থীরা নিজেদের মামলার রায় সহজে পড়তে পারতেন, উপকৃত হতেন। তাই সফটওয়্যার ব্যবহার করে রায় অনুবাদ বাড়ানো উচিত। এ ছাড়া রায় ইংরেজিতে দিলেও সঙ্গে অন্তত রায়ের চূড়ান্ত ও কার্যকরী অংশটুকু বাংলায় দিতে পারলে ভালো হয়।

জানা গেছে, সুপ্রিম কোর্টের ৩৫টি রায় আমার ভাষা সফটওয়্যার দিয়ে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়। এ জন্য ব্যবহার করা হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডেটা সেন্টার। এই সেবা গ্রহণ বাবদ ৫৫ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা বিল পরিশোধের অনুরোধ করে সুপ্রিম কোর্টের কাছে গত ৩ সেপ্টেম্বর চিঠি দিয়েছে বিসিসি।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিলের বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
জাতীয়

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয়…

জাতীয়

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও কম মজুরি নিয়ে উদ্বেগ জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বলেছেন, বাংলাদ…

জাতীয়

ম্যানিলা সম্মেলনে শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।…

জাতীয়

২০২৭ সালের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।…