…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক
খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
ছবি: সংগৃহীত

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয় আলেমদের স্বাক্ষরসহ বইটির একটি কপি কিনে নেন সুপরিচিত ইসলামি বক্তা মুফতি ইয়াহইয়া মাহমুদ। কাদিয়ানি (আহমদিয়া) সম্প্রদায়ের তৎপরতা নিয়ে লেখা এই বইয়ের নাম ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’।

দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সেমিনারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রকাশনা উপলক্ষেই এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। সকাল নয়টার দিকে কেআইবি মিলনায়তনে সেমিনারটি শুরু হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ। মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন সেমিনারের ‘প্রধান মেহমান’ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর এবং বিশেষ অতিথি হিসেবে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সায়্যিদ আজহার মাদানীর উপস্থিত থাকার কথা ছিল। তবে অসুস্থতার কারণে দুজনই উপস্থিত হতে পারেননি বলে জানান আয়োজকেরা। সকাল থেকে শুরু হওয়া সেমিনারে কওমি ঘরানার সঙ্গে যুক্ত আলেম ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

আয়োজনের এক পর্যায়ে ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করেন মধুপুরের পীরসহ উপস্থিত জ্যেষ্ঠ আলেমরা। এরপরই মঞ্চ থেকে বইটির একটি কপি ‘নিলামে’ বিক্রির ঘোষণা দেওয়া হয়। এক হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। দুই হাজার টাকা দাম হাঁকেন একজন; অন্য একজন হাঁকেন ১০ হাজার টাকা।

১০ হাজার টাকার পর বইটির দাম ২০ হাজার টাকা হাঁকেন মো. আবু তাহের নামের একজন তরুণ আলেম। আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিসের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী বলেন ৩০ হাজার টাকা। এরপর দর্শকসারি থেকে ৪০ হাজার ও ৪৫ হাজার টাকায় বইটি কিনতে আগ্রহ দেখানো হয়। পরে আবু তাহের ৫০ হাজার টাকা হাঁকেন এবং লুৎফুর রহমান হাঁকেন ৫৫ হাজার টাকা।

এ পর্যায়ে ‘মূল্যের’ পরিবর্তে ‘হাদিয়া’ শব্দটি ব্যবহার করতে থাকেন সঞ্চালক। ৫৫ হাজার টাকার পর বইটির দাম হাঁকা নিয়ে প্রতিযোগিতা হয় মূলত দু–তিনজনের মধ্যে। একজন আবু তাহের, অন্যজন মুফতি ইয়াহইয়া মাহমুদ। তাহের ৬০ হাজার বললে ইয়াহইয়া বলেন ৭০ হাজার। লুৎফুর রহমান ফরায়েজী হাঁকেন এক লাখ। এরপর তাহের ১ লাখ ২০ হাজার টাকা হাঁকেন। সর্বোচ্চ দাম ওঠে ১ লাখ ৩০ হাজার টাকা। এই ‘হাদিয়ায়’ বইটি কিনে নেন মুফতি ইয়াহইয়া মাহমুদ।

মঞ্চে উপস্থিত মধুপুরের পীরসহ জ্যেষ্ঠ আলেমদের স্বাক্ষরযুক্ত বইটি তুলে দেওয়া হয় তাঁর হাতে। পরে আয়োজনের একজন সঞ্চালক বলেন, সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশের কাজকে অনুপ্রাণিত করতে এই প্রতীকী আয়োজন (নিলাম) করা হয়েছে। এর উদ্দেশ্য টাকা ওঠানো নয়, বরং পুরোটাই দাওয়াতি কাজ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও কম মজুরি নিয়ে উদ্বেগ জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বলেছেন, বাংলাদ…

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ
জাতীয়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ

সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয় ২০২১ সালের ১৮ ফেব্রুয়া…

জাতীয়

ম্যানিলা সম্মেলনে শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।…

জাতীয়

২০২৭ সালের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।…