মিত্রদের না জানিয়ে নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টার বৈঠক বেনেতের, বিরোধী শিবিরে সন্দেহ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে স্থানীয় সময় বুধবার নেসেটে দুই ঘণ্টার বেশি সময় বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। নিজের রাজনৈতিক মিত্রদের না জানিয়ে এই বৈঠক করায় বিরোধী শিবিরে সন্দেহ তৈরি হয়েছে।
দুই পক্ষই বৈঠকটিকে নিরাপত্তাবিষয়ক ব্রিফিং বলেছে। তবে গাদি আইজেনকটের ঘনিষ্ঠদের অভিযোগ, নেতানিয়াহু বেনেতকে ব্যবহার করে বিরোধী জোটের সরকার গঠনের প্রচেষ্টা ভেস্তে দিতে চাইছেন। বেনেতের ঘনিষ্ঠরা বলছেন, নেতানিয়াহুর অধীনে সরকারে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।
২০২১ সালে নেতানিয়াহুর সরকার পতনে ভূমিকা রেখে প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনেত। এরপর দুই নেতার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এবারের নির্বাচনী প্রচারেও বেনেত নেতানিয়াহুকে অযোগ্য আখ্যা দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেন।
বৈঠকের পর বেনেত ও ইয়ার লাপিদ গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেন। যৌথ বিবৃতিতে তাঁরা জানান, নেতানিয়াহুকে সরিয়ে আইজেনকটের নেতৃত্বে জাতীয় জরুরি সরকার গঠনই তাঁদের প্রধান লক্ষ্য। তবে সরকার গঠনের পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে মতভেদ রয়েছে।
বেনেত লিকুদের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনা যাচাই করতে চান, তবে শর্ত হলো আইজেনকটকে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হতে হবে। অন্যদিকে লিবারম্যান ও গোলান নেতানিয়াহুর সঙ্গে কোনো সরকার গঠনে রাজি নন। আইজেনকটের অভিযোগ, নেতানিয়াহু সময়ক্ষেপণ করছেন; দ্রুত সরকার গঠন জরুরি।
বেনেতের ঘনিষ্ঠরা আবারও জানিয়েছেন, তিনি নেতানিয়াহুর অধীনে সরকারে যাবেন না এবং আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রী করার পক্ষে। তবে অন্য সম্ভাবনাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। লাপিদ বলেছেন, তিনি ও বেনেত আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের নেসেটে আইজেনকটের জোটের আসন ৪৮টি। আরব দলগুলোর ১৯ আইনপ্রণেতার সমর্থন নেওয়ার বিষয়ে জোটের অধিকাংশ নেতার আপত্তি রয়েছে। ফলে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন কিংবা লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনের বিকল্প বিবেচনা করছেন আইজেনকট।
সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন; সরকার গঠনে প্রয়োজন ৬১টি। এখন বেনেত যদি তাঁর জোটের ১২টি আসন নিয়ে বেরিয়ে এসে নেতানিয়াহুর সঙ্গে যোগ দেন, তবে জোটের আসন সংখ্যা দাঁড়াবে ৬৪-তে, অর্থাৎ সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে যাবে। বিপরীতে আইজেনকটের জোটের আসনসংখ্যা কমে দাঁড়াবে ৩৬-টিতে; আরব দুই জোটের ১৯ আসন যোগ হলেও তা হবে ৫৫, সরকার গঠনে আরও অন্তত ৬টি আসন বাকি থাকবে।
লিকুদের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি বলেছেন, আইজেনকট বা নেতানিয়াহু কেউ সরকার গঠন করতে না পারলে নতুন নির্বাচন এড়াতে বেনেত বা লিবারম্যানের সঙ্গে সমঝোতা করতে পারে তাঁর দল। মঙ্গলবার বেনেতও ঐক্য সরকারকে সবচেয়ে ভালো বিকল্প বলে মন্তব্য করেন; তাঁর মতে, নতুন নির্বাচন হবে ভয়াবহ পরিণতি।
বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান শমুয়েল বেন এজরা এবং পরে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল গাই মার্কিজেনো উপস্থিত ছিলেন। চ্যানেল ১২ জানিয়েছে, তাঁদের যোগ দেওয়ার আগে নেতানিয়াহু ও বেনেত আধা ঘণ্টা একান্তে কথা বলেন।
মঙ্গলবার বেনেত বলেছিলেন, গাজায় একসঙ্গে লড়াই করা গেলে নেসেটেও একসঙ্গে কাজ করা সম্ভব। তবে গত সপ্তাহে নেতানিয়াহুর আরববিরোধী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছিলেন, এভাবে জাতীয় ঐক্য গড়া যায় না।


