…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

১৮ জেলায় ছড়িয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪; প্রধানমন্ত্রী বললেন ‘সন্ত্রাসী গোষ্ঠী’

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংসতায় অন্তত চারজন মারা গেছেন। নিউ এইজের প্রধান শিরোনামের এই খবরে বলা হয়েছে, এই সহিংসতা ছড়িয়েছে ঢাকাসহ ১৮টি জেলায়। নিহতদের মধ্যে একজন বাসচালকের সহকারী, অপর তিনজন বিএনপির কর্মী।

যেসব জেলায় সহিংসতার খবর পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, মেহেরপুর, পিরোজপুর, নেত্রকোনা, সিলেট, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, বরিশাল, নওগাঁ ও ঢাকা।

গত মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাস, পুলিশের স্থাপনা, বিএনপি কর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখা।

বুধবার সহিংসতার কেন্দ্রবিন্দু ছিল গোপালগঞ্জ। সেখানে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে শত শত গাছ কেটে ফেলা হয়েছে।

গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীরা পুলিশ পরিদর্শক আবু আলমকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে; তিনি গুরুতর আহত হয়েছেন।

নয়া দিগন্তের প্রধান শিরোনামের খবরে বলা হয়েছে, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ও বিজিবির সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ একাধিক বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল থেকে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে আহত করা হয়েছে; হামলা হয়েছে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আনসার মোতায়েন করা হলেও কাটেনি উত্তেজনা। বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সমকালের প্রধান শিরোনামের খবরে বলা হয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে মাথা তোলার আগেই তাদের গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘এরা কোনো রাজনৈতিক দল নয়; সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।’

৩৮ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতার কথা তুলে ধরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান।

কালের কণ্ঠের প্রধান খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় ফিরে সক্রিয়ভাবে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়।

আজকের পত্রিকার প্রথম পাতার খবরে বলা হয়েছে, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নজরদারিতে রাখার পাশাপাশি অভিযান চালিয়ে মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জকে।

টাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন সরকার সারাদেশে বিজিবি মোতায়েন করতে চায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই
জাতীয়

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় যানবাহন দুটির ব্যাপক …

ভৈরবে চলন্ত যাত্রীবাহী বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
জাতীয়

ভৈরবে চলন্ত যাত্রীবাহী বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের কাচে আগুন ধরে যায…

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, আরও ৫ প্লাটুন প্রস্তুত
জাতীয়

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, আরও ৫ প্লাটুন প্রস্তুত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার…