…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
ভ্রমণ

বনলতা সেন আর রানী ভবানীর শহর নাটোরে এক দিন: উত্তরা গণভবন থেকে কাঁচাগোল্লা

নিজস্ব প্রতিবেদক
বনলতা সেন আর রানী ভবানীর শহর নাটোরে এক দিন: উত্তরা গণভবন থেকে কাঁচাগোল্লা
ছবি: সংগৃহীত

বনলতা সেনের সঙ্গে জুড়ে যাওয়া জায়গাটির নাম নাটোর। কিন্তু অদ্ভুতভাবে এখানে আরও একজন প্রভাবশালী নারীর বসত ছিল। তাঁর নাম ভবানী, যিনি রানী ভবানী নামে পরিচিত।

সে বহুকাল আগের কথা। বাংলার নবাব সিরাজউদ্দৌলার নানা নবাব আলিবর্দী খানের সামনে বসে জমিদারি সামলাতেন এই নারী। শোনা যায়, নবাব নিজেও তাঁর ইচ্ছার বিরুদ্ধে সহজে কথা বলতেন না, এমনই প্রতাপ ছিল রানী ভবানীর। একদিকে হৃদয়ের দখল নেওয়া বনলতা সেন, অন্যদিকে রাজনীতিতে মাত করে দেওয়া রানী ভবানী—নাটোর সম্ভবত এই দুই কারণেই মানুষের মনে থেকে যাবে চিরকাল। কাঁচাগোল্লার স্বাদ সেখানে হয়তো রসদ জোগাবে খানিক।

নাটোর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে দিঘাপতিয়ায় অবস্থিত উত্তরা গণভবন। একসময় এটি ছিল রাজাদের প্রাসাদ; সময়ের পরিক্রমায় রাজবাড়িটি আজ উত্তরা গণভবন নামে পরিচিত। এর প্রবেশদ্বার দেখে যে কেউ চমকে যাবে—সুসজ্জিত এই ফটকে রয়েছে একটি দৃষ্টিনন্দন ঘড়ি।

প্রবেশমূল্য দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে দুপাশে দুটি বিস্তৃত দিঘি। শান্ত দিঘির পাড়ের উঁচু গাছপালায় বাস করে হরেক প্রজাতির পাখি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গণভবনের বাঁ পাশে রয়েছে রানী মহল।

দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় ১৭৩৪ সালে প্রায় ৪৩ একর জমির ওপর এই প্রাসাদের মূল অংশ এবং সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। পরে রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্যখচিত মূল ভবনসহ ছোট-বড় মোট ১২টি ভবন নির্মাণ করেন।

১৮৯৭ সালে ভয়াবহ ভূমিকম্পে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়। পরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর আর দেশি কারিগরদের সহায়তায় সাড়ে ৪১ একর জমির ওপর রাজবাড়িটি তিনি পুনর্নির্মাণ করেন; শেষ হতে সময় লাগে প্রায় ১১ বছর। তিনি মোগল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় এই ভবনকে এক বিরল রাজপ্রাসাদ হিসেবে গড়ে তোলেন। এখানে তৎকালীন রাজাদের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটি সংগ্রহশালা রয়েছে।

উত্তরা গণভবন থেকে অটোরিকশাযোগে মাত্র পাঁচ মিনিটের পথ পাড়ি দিলেই রানী ভবানীর বাড়ি। নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামজীবন রায়। তাঁর পালিত পুত্র রামকান্ত রায়ের সঙ্গে বিয়ে হয় রানী ভবানীর। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পর ভবানী নাটোর জমিদারির দায়িত্ব গ্রহণ করেন।

এই রাজবাড়িতে প্রবেশ করলে চোখে পড়বে পুরোনো ভবন, প্রশস্ত প্রাঙ্গণ আর দালানকোঠা—এগুলো যেন নিয়ে যায় কয়েক শ বছর পেছনে। আঠারো শতকে বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার ছিলেন ভবানী। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, জনকল্যাণ এবং দানশীলতার জন্যও তিনি ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছেন। একসময় প্রায় ১২০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই রাজবাড়ির অনেক স্থাপনা আজ কালের গর্ভে বিলীন।

দুই রাজবাড়ি দেখতে দেখতে ক্ষুধা পেয়ে গেলে যাওয়া যায় কালীবাড়ি এলাকার বিখ্যাত মধুসূদন পালের হাতে গড়া কাঁচাগোল্লার দোকানে। কাঁচাগোল্লার দাম প্রতি কেজি ৬০০ টাকা।

দেশের যেকোনো জেলা থেকে বাস বা ট্রেনে নাটোর শহরে যাওয়া যায়। শহর থেকে অটোরিকশা বা সিএনজিচালিত অটোরিকশাযোগে আনুমানিক ৩ কিলোমিটার পথ পাড়ি দিলেই পাওয়া যাবে উত্তরা গণভবন; পাশেই রাজবাড়ি। থাকা ও খাওয়ার জন্য নাটোর শহরে বিভিন্ন মানের আবাসিক হোটেল ও খাবারের রেস্তোরাঁ রয়েছে; গণভবনের পাশেও রয়েছে খাবার হোটেল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ভ্রমণ বিভাগের আরও খবর

কক্সবাজারে পর্যটন কার্নিভ্যালের আগে ঝাউগাছ কাটা নিয়ে ক্ষোভ, তদন্তে বন বিভাগ
ভ্রমণ

কক্সবাজারে পর্যটন কার্নিভ্যালের আগে ঝাউগাছ কাটা নিয়ে ক্ষোভ, তদন্তে বন বিভাগ

কক্সবাজারে হোটেল শৈবালসংলগ্ন সৈকতের তীরে বসছে ‘পর্যটন কার্নিভ্যাল’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ২২ নভেম্বর শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে …

অস্ট্রেলিয়ায় স্কাইডাইভিংয়ে কান ক্ষতিগ্রস্ত হয়ে আটকে পড়েছেন ব্রিটিশ পর্যটক ক্লো লো
ভ্রমণ

অস্ট্রেলিয়ায় স্কাইডাইভিংয়ে কান ক্ষতিগ্রস্ত হয়ে আটকে পড়েছেন ব্রিটিশ পর্যটক ক্লো লো

অস্ট্রেলিয়ায় স্কাইডাইভিং করতে গিয়ে কান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক সপ্তাহ ধরে সেখানেই আটকে পড়েছেন ২৪ বছর বয়সী ব্রিটিশ পর্যটক ক্লো লো। চি…