ফেনীর সোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাব

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ১৮ নভেম্বর গভীর রাতে ‘সালমা গার্ডেন’ নামের ওই বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মুখোশ পরা একদল দুর্বৃত্ত এই অগ্নিসংযোগ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়িতে থাকা একটি পিকআপ ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
আগুনের শিখা দেখতে পেয়ে এবং বাড়ির পাহারাদারদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাঁদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসিম জানান, বাড়িতে অগ্নিসংযোগের খবর তাঁরা পেয়েছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
হাজী রহিম উল্যাহ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য। এই আসনে সোনাগাজী ও দাগনভূঞা এলাকা রয়েছে।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী রিন্টু আনোয়ারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী রহিম উল্যাহ। বর্তমানে একাধিক মামলায় তিনি কারাগারে রয়েছেন।




