অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশ বাহিনীর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার। বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়, যা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তকালীন সময়ে তারেক সেকান্দারকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
অপর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
দেব্রত সরকারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাঁকেও সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে এবং তিনিও বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।




