ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে আখাউড়া থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পৃথক এ দুই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি না হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে রেললাইনের ডাউন লাইনের পাশে থাকা সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুন জ্বলতে না দেখা গেলেও বক্সটির বাইরের অংশ পোড়া অবস্থায় পাওয়া যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, একই রাতে আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



