ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক, আইনজীবীর সঙ্গে আলোচনা চলছে
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য। তিনি ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন।
টিউলিপের দাবি, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ছিল ‘বিদ্বেষমূলক মামলা’। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই অভিযোগগুলোর কারণেই গত বছর তাঁকে যুক্তরাজ্য সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল।
বাংলাদেশ সরকারের অভিযোগ ছিল, শেখ হাসিনার পূর্ববর্তী সরকারের কাছ থেকে টিউলিপ অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে নানা সুবিধা গ্রহণ করেছিলেন। গত বছরের ডিসেম্বরে ঢাকার কাছে পরিবারের জন্য জমির প্লট বরাদ্দ পেতে খালার ওপর প্রভাব খাটানোর অভিযোগে আরও ১৬ জনের সঙ্গে তাঁর অনুপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশের একটি আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন।
লন্ডনে বসবাসকারী টিউলিপ এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন। বাংলাদেশের বাইরে থাকায় তাঁর ওই সাজা ভোগ করার সম্ভাবনা খুবই কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছিলেন টিউলিপ। তখন তিনি দাবি করেছিলেন, খালা শেখ হাসিনা এবং ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের বলি হয়েছেন তিনি।
সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় নতুন পডকাস্ট ‘পলিটিকস আনলিশড’-এ অংশ নিয়ে টিউলিপ আবার দাবি করেন, তিনি ‘বিদ্বেষমূলক মামলার’ শিকার হয়েছেন। তিনি জানান, একজন আইনজীবীর সঙ্গে তিনি কথা বলছেন এবং ওই আইনজীবী তাঁকে জানিয়েছেন, ড. ইউনূসের বিরুদ্ধে ‘মামলা করার মতো ভিত্তি’ তাঁর রয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করেছেন। তিনি নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ। টিউলিপ জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আইনি পদক্ষেপের বিভিন্ন সুযোগ তিনি খতিয়ে দেখছেন এবং বিষয়টি ‘বিবেচনা করছেন’।
এ বিষয়ে বক্তব্য জানতে ড. ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
টিউলিপ দাবি করেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে তা জানতে তিনি বারবার চেষ্টা করলেও তাঁর আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব বাংলাদেশ সরকার দেয়নি। লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি।
নিজের দোষী সাব্যস্ত হওয়ার খবর তিনি প্রথম জানতে পারেন সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সতর্কবার্তা দেখে—এমনটাও জানিয়েছেন টিউলিপ। তিনি বলেন, তিনি জানতেন তিনি নির্দোষ, তাই মানসিক চাপের চেয়ে পুরো বিষয়টি তাঁকে বেশি হতবাক করেছিল।
বিতর্ক চলাকালে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবস্থানকালে তাঁকে বার্তা পাঠিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। তবে টিউলিপকে ঘিরে স্টারমারকে বারবার প্রশ্নের মুখে পড়তে হলে একপর্যায়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।



