রাঙামাটির রাজবন বিহারে শুরু ৫০তম কঠিন চীবর দান, তিন পার্বত্য জেলা থেকে হাজারো পুণ্যার্থী

রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দান উৎসব। পুণ্যার্থীদের পদচারণা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে সুবর্ণজয়ন্তীর এই আয়োজন ঘিরে বিহার প্রাঙ্গণে মিলনমেলা বসেছে।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বয়নঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে এই মহোৎসবের পর্দা ওঠে।
চরকায় সুতা কাটার আগে পুণ্যার্থীরা পঞ্চশীল দীক্ষা নেন। রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞা লংকার মহাথের পঞ্চশীল প্রদান করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই দানোৎসবকে ঘিরে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান — তিন পার্বত্য জেলা থেকে ভিক্ষুসংঘ ও হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে রাজবন বিহার প্রাঙ্গণে।
কঠিন চীবর দানের বিশেষত্ব হলো, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে, চরকায় সুতা তৈরি করে এবং সেই সুতা দিয়ে কাপড় বুনে চীবর প্রস্তুত করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে তৈরি চীবর ভিক্ষুসংঘের উদ্দেশে দান করা হয়।
বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী, এই দান প্রথম প্রবর্তন করেছিলেন বিশাখা, যিনি গৌতম বুদ্ধের সমসাময়িক একজন নিষ্ঠাবান বৌদ্ধ উপাসিকা এবং ভিক্ষুসংঘের প্রধান দাত্রী ও পৃষ্ঠপোষক ছিলেন। পার্বত্য চট্টগ্রামে কঠিন চীবর দানের প্রচলন করেছিলেন সাধনানন্দ মহাস্থবির, যিনি বনভান্তে নামে পরিচিত।
আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠানে বয়নঘর উদ্বোধন ও চীবর বুননের পাশাপাশি ধর্মীয় দেশনা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধপূজা এবং ভিক্ষুসংঘকে পিণ্ডদানসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হবে।
বিহার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।




