মিঠাপুকুরে ইজারাদারের কর্মচারীকে অপহরণ করে ৪৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে ইজারাদারের এক কর্মচারীকে অপহরণ করে ৪৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শঠিবাড়ি হাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শঠিবাড়ি হাট ইজারাদারের কর্মচারী শিমুল মিয়া স্থানীয় জনতা ব্যাংক থেকে ৫০ লাখ টাকা উঠিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা শিমুলকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়।
শিমুল জানান, ছিনতাইকারীরা তাঁকে প্রাইভেট কারে তুলে নিয়ে মারপিট করে কাছে থাকা ৪৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পরে উপজেলার গড়ের মাথা নামক স্থানে চোখ বাঁধা অবস্থায় শিমুলকে পাওয়া যায়। তিনি কাউকে চিনতে পারেননি বলে জানান।
শঠিবাড়ি হাট এলাকার গণমাধ্যমকর্মী সনজিৎ মহন্ত জানান, শিমুল দীর্ঘদিন ধরে বহিরাগত গরু ব্যবসায়ীদের টাকা ব্যাংক থেকে ওঠানোর দায়িত্ব পালন করেন।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার পরিদর্শক (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাটি রহস্যজনক। তবুও গুরুত্বসহকারে অপরাধী শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




