…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নাগরিকত্ব ও সমান অধিকার পেলেই দেশে ফিরতে চান ৮২.৬ শতাংশ রোহিঙ্গা: ব্র্যাকের জরিপ

নিজস্ব প্রতিবেদক
নাগরিকত্ব ও সমান অধিকার পেলেই দেশে ফিরতে চান ৮২.৬ শতাংশ রোহিঙ্গা: ব্র্যাকের জরিপ
ছবি: সংগৃহীত

মিয়ানমারে নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে বাংলাদেশের আশ্রয়শিবির থেকে নিজ দেশে ফিরতে চান ৮২ দশমিক ৬ শতাংশ রোহিঙ্গা নারী-পুরুষ। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকটের দশম বছর ও পরবর্তী সময়: সাড়াদান কার্যক্রম পুনর্বিবেচনা’ শীর্ষক এক নীতি সংলাপে জরিপের ফলাফল তুলে ধরা হয়।

জরিপে রোহিঙ্গা তরুণ-যুবকদের জীবনযাপন, কর্মসংস্থান এবং প্রত্যাবাসন-সংক্রান্ত আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরা হয়েছে। এতে উখিয়া ও টেকনাফের ১২টি আশ্রয়শিবিরের ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৫৭৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ অংশ নেন। তাঁদের মধ্যে ২৯১ জন নারী ও ২৮৫ জন পুরুষ।

সংলাপে জরিপের তথ্য তুলে ধরে ব্র্যাকের অ্যাডভোকেসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নাফিউল হাসান জানান, সামগ্রিকভাবে ৭৬ দশমিক ৭ শতাংশ তরুণ রোহিঙ্গা নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চান। নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত হলে ফিরতে আগ্রহীদের হার ৮২ দশমিক ৬ শতাংশ। এমনকি শিবিরে পর্যাপ্ত সহায়তা অব্যাহত থাকলেও নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত করা হলে ৮০ দশমিক ২ শতাংশ দেশে ফিরতে চান।

তবে নাগরিকত্ব ছাড়া এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ নিয়ে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ। এ ক্ষেত্রে তরুণীদের আগ্রহ আরও কম, মাত্র ৮ দশমিক ৯ শতাংশ।

জরিপে আরও দেখা যায়, আশ্রয়শিবিরে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বন্ধ করে দেওয়া হলে এবং মিয়ানমারে সহায়তার প্রস্তাব থাকলেও ৫২ দশমিক ৬ শতাংশ তরুণ শিবিরেই থেকে যেতে চান।

প্রত্যাবাসন নিয়ে ভাবনার পাশাপাশি রোহিঙ্গা তরুণদের কর্মসংস্থান ও শিক্ষার সংকটও উঠে এসেছে জরিপে। মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ বর্তমানে পড়াশোনা করছেন। ৩৮ দশমিক ৪ শতাংশ কোনো জীবিকামূলক কাজে যুক্ত। ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কাজ কোনোটিতেই নেই।

নারীদের পরিস্থিতি আরও খারাপ। জরিপে অংশ নেওয়া তরুণীদের ৮৪ দশমিক ৫ শতাংশই পড়াশোনা বা কাজ কোনোটাতেই যুক্ত নন। পড়াশোনা করছেন মাত্র ৬ দশমিক ৯ শতাংশ নারী।

জরিপে বাংলাদেশের আশ্রয়শিবিরে জন্ম নেওয়া এবং মিয়ানমারে জন্ম নেওয়া তরুণদের প্রত্যাবাসন-আকাঙ্ক্ষার মধ্যে বড় পার্থক্য পাওয়া গেছে। বাংলাদেশে জন্ম নেওয়া তরুণদের মাত্র ১১ দশমিক ৯ শতাংশ দেশে ফিরতে চান। অন্যদিকে মিয়ানমারে জন্ম নেওয়া তরুণদের মধ্যে এ হার ৮৪ দশমিক ১ শতাংশ।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘রোহিঙ্গাদের ভবিষ্যৎ মিয়ানমারেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্মাণে একটি মধ্যমেয়াদি কৌশল থাকা প্রয়োজন। রোহিঙ্গা জনসংখ্যা ৩৪ শতাংশ হারে বেড়েছে। কিন্তু আন্তর্জাতিক সহায়তা ৩৭ শতাংশ হারে কমেছে।’

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজসেন বলেন, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন এখনো অনিশ্চিত থাকায় রোহিঙ্গা সংকট দিন দিন আরও জরুরি ও জটিল হয়ে উঠছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার শাখার পরিচালক নির্ঝর অধিকারী বলেন, এই সংকটের চূড়ান্ত সমাধান হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন।

সংলাপ ও জরিপের আয়োজক ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘মনে হচ্ছে, প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নে অনেক সময় লাগবে। এ কারণে মধ্যমেয়াদি কৌশল গ্রহণ করা জরুরি। দাতাদের কাছ থেকে একাধিক বছরের জন্য অর্থায়নের অঙ্গীকার নিতে হবে। এ জন্য উন্নয়ন সহযোগী, দাতা সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে একটি কমপ্যাক্ট বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা প্রয়োজন।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ৪২ প্লাটুন আনসার মোতায়েন, গাজীপুরেই ১৩ প্লাটুন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের অনুকূল পরিবেশ বজায় রাখতে আরও ২০ প্লাটুন…

নেত্রকোনায় আবার গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, এবার সদরের ঠাকুরাকোনা শাখার ফটকে আগুন
জাতীয়

নেত্রকোনায় আবার গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, এবার সদরের ঠাকুরাকোনা শাখার ফটকে আগুন

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের ঠাকুরাকোনা শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার-সংলগ্ন কার্যালয়ে …

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যানবাহন কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ, এসবির প্রতিবেদন সেতু বিভাগে

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদেশি বিনিয়োগকারী প্…

জাতীয়

মজুরির দাবিতে ফের উত্তপ্ত গাজীপুর: ১২২ কারখানায় উৎপাদন বন্ধ, ৪৫টিতে সাধারণ ছুটি, ৭৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জে…