মজুরি আন্দোলনে সহিংসতা ও ভাঙচুরে আইএলওর উদ্বেগ, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান

মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়।
আইএলও আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা, ভাঙচুর ও কাজ ব্যাহত হওয়ার খবর এবং শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর এর গুরুতর প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন।
বিবৃতিতে উত্তেজনা প্রশমন এবং নিম্নতম মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও শান্তিপূর্ণ উপায় অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আইএলও বলেছে, তারা বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া এবং চলমান অস্থিরতাসহ সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পসম্পর্কের ওপর এই অস্থিরতার প্রভাবও সংস্থাটির বিশেষ বিবেচনায় রয়েছে।
তৈরি পোশাকশিল্পে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে করার ওপর জোর দিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, ন্যূনতম মজুরি ও তার নিয়মিত সমন্বয় হতে হবে স্বচ্ছ ও প্রমাণভিত্তিক এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্তনির্ভর।
এ ক্ষেত্রে শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজন যথাযথভাবে বিবেচনা করা আবশ্যক বলে মনে করে সংস্থাটি। এর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় ও ক্রয়ক্ষমতার ওপর মূল্যস্ফীতির প্রভাব।
পাশাপাশি উৎপাদনশীলতা, কর্মসংস্থান, সংশ্লিষ্ট খাতের সক্ষমতা, অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিষ্ঠানের টেকসই অবস্থানের মতো প্রাসঙ্গিক অর্থনৈতিক বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের সার্বিক মজুরির স্তর বা হার, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্প সক্ষমতা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর তুলনামূলক জীবনযাত্রার মানও বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করে আইএলও।
সংস্থাটি বলেছে, মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নতির জন্য উৎপাদন থেকে শুরু করে পণ্য কেনা পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল ব্যবসায়িক ও ক্রয়চর্চা এমন পরিবেশ সৃষ্টিতে সহায়ক হতে পারে, যা মজুরিসংক্রান্ত বাধ্যবাধকতা পরিপালন, শোভন কাজ এবং শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ও স্থায়িত্বকে সমর্থন করে।



