ঢাকায় সড়কে হতাহতদের স্মরণে গোলটেবিল, ফুটপাথ দখলমুক্ত ও নিরাপদ সড়কের দাবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সড়কে হতাহতদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গুলশান-২-এ নগর ভবনের সেমিনার কক্ষে একটি গোলটেবিল সভা হয়েছে।
সভাটি হয়েছে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায়। এতে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ। বক্তব্য দেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ—গুলশান জোন) মো. জিয়াউর রহমান। দিবসের প্রতিপাদ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।
মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকার অনেক ফুটপাথ দখল হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছিল। পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডিএনসিসি ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের জন্য নিরাপদ করার পদক্ষেপ নিয়েছে। কেউ যেন অবৈধভাবে ফুটপাথ দখল করে পথচারীদের ঝুঁকি তৈরি করতে না পারে, সে জন্য তিনি গণমাধ্যমসহ সব নগরবাসীর সহযোগিতা চান। শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ সড়ক গড়তে ডিএনসিসি সামর্থ্য অনুযায়ী সক্রিয় রয়েছে বলেও তিনি জানান।
খন্দকার মাহবুব আলম বলেন, ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড় নিরাপদ করার পাশাপাশি জেব্রা ক্রসিং অঙ্কন ও ট্রাফিক ব্যবস্থার উন্নতিতে ডিএনসিসি কাজ করছে। সড়কে গতিসীমা মেনে গাড়ি চালাতে উৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মো. আবদুল ওয়াদুদ বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচি তুলে ধরে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, ব্যস্ত সড়কে অতিরিক্ত গতি পরিহার, নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা এবং প্রতিযোগিতা এড়িয়ে নিরাপদে গাড়ি চালানোর অনুরোধ জানান।
মামুনুর রহমান বলেন, মানুষের দুর্ভোগ কমাতে ঢাকায় পথচারীবান্ধব পরিবেশ গড়তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে ডিটিসিএ একটি নীতিমালার খসড়া প্রণয়ন করেছে। সড়ক নিরাপত্তায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করার অনুরোধও জানান তিনি।
মো. জিয়াউর রহমান বলেন, সড়ক নিরাপত্তায় ডিএমপি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণে এআই ক্যামেরা বসানো হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০ ফুট সড়কে গতিসীমা লঙ্ঘনের দায়ে জরিমানা করায় গতিসীমা মেনে চলার প্রবণতা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্র্যাকের রোড সেফটি প্রকল্পের (জিআরএসপি) টিম লিডার খালিদ মাহমুদ বলেন, সড়ক নিরাপদ করতে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ বিশ্বব্যাপী গ্রহণ করা হয়েছে এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকার এই পদ্ধতি গ্রহণের অঙ্গীকার করেছে। এ জন্য দ্রুত একটি আইন প্রণয়ন করা প্রয়োজন বলে তিনি মত দেন। আমিনুল ইসলাম সুজন বলেন, দিবসটিতে সড়কে নিহতদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা এবং সংশ্লিষ্ট সবার নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার কথা বলা হয়েছে।
সভায় সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ব্যক্তিরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৯ অক্টোবর ঢাকার বাড্ডায় সুবাস্তু টাওয়ারের কাছে সড়ক পার হতে গিয়ে দুটি দ্রুতগামী বাসের প্রতিযোগিতায় তার মেয়ে বাসচাপায় প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়, সে জন্য তিনি সড়কে কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান।
সড়ক দুর্ঘটনায় ছোট ভাইকে হারানোর অভিজ্ঞতা তুলে ধরে স্টেপসের নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী সড়ক নিরাপত্তায় প্রণীত খসড়া দ্রুত আইন আকারে পাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কেএনকেএস সংস্থার নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ জানান, দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তার বড় বোন মারাত্মক আহত হওয়ার পর তার জীবনের গতি স্থবির হয়ে পড়েছে; তিনি যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ চান।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন নিরাপদ সড়ক চাই—নিসচার মহাসচিব লিটন এরশাদ, রোড সেফটি ফাউন্ডেশনের নাসির উদ্দিন শেখ, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শারমীন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) প্রোগ্রাম ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, সিয়াম সংস্থার নির্বাহী পরিচালক ও হাইকোর্টের আইনজীবী মাসুম বিল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান এবং ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ—ডব্লিউবিবি ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার প্রমুখ।
সভায় আর্ক ফাউন্ডেশন, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স, প্রজ্ঞা, সেতু সংস্থা, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও বিআইজিআরএসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


