প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ, সরকারপ্রধান হিসেবে প্রথম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছে—কৈশোরে পিতাকে হারানো, কারাবরণ, নির্যাতন ও দীর্ঘ নির্বাসনের অভিজ্ঞতা পেরিয়ে এখন তিনি দেশের নেতৃত্বে।
তাঁর শিক্ষাজীবন শুরু হয় ঢাকার শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে। পরে তিনি রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। সে সময় তাঁর মা বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিচ্ছিলেন।
১৯৮৮ সালে পৈতৃক এলাকা বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে কাজ করে তিনি সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। কারাগারে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে তাঁর। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর শুরু হয় তাঁর দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও তিনি বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকেন।
২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে অবস্থান করেও তিনি দলকে সংগঠিত রাখেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরার পথ তৈরি হয় তাঁর। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে রাষ্ট্র পুনর্গঠন ও দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছেন তিনি। আধুনিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন বলে জানিয়েছেন তাঁর দলীয় নেতারা।
এবারের জন্মদিনে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়ায় তাঁকে স্মরণ করছেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা।



