…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

এক রাতে ২৩ জেলায় নাশকতা: দুই ট্রেনের কোচে আগুন, পুড়ল ১২ বাস

নিজস্ব প্রতিবেদক
এক রাতে ২৩ জেলায় নাশকতা: দুই ট্রেনের কোচে আগুন, পুড়ল ১২ বাস
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। কোথাও বাস-ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হয়েছে। দুটি ট্রেনের দুটি কোচে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে ১২টি বাস পুড়েছে।

যেসব জেলায় নাশকতার ঘটনা ঘটেছে, সেগুলো হলো গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ী।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছেন। এর আগে সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া বিভিন্ন জায়গায় একাধিক সরকারি দপ্তর, বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে কিছু পথে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে বক্সের ভেতরে থাকা চেয়ার ও কিছু আসবাব পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে।

একই উপজেলার তৈলারদ্বীপ এলাকায় বিএনপির এমপি সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে গতকাল বুধবার রাতে রামদা ও লগি-বৈঠা হাতে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেন। চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ ভোরে উপজেলার কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি পৃথক সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি সদর উপজেলায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাগড়াপুর এলাকায় মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। একটি গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়েছে, অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু।

লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পালানোর চেষ্টা করলে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রায়পুর থানার পশ্চিম পাশে মার্চেন্ট একাডেমির সামনে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁঞা।

ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার নতুন মুন্সীরহাট এলাকার জগতপুর-আমজাদহাট সড়কে (হাবুর টেক) অবস্থিত ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ঘটনার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাস ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বাস ও ট্রাকে থাকা আরোহীরা নিরাপদে বের হয়ে এসেছেন বলে কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা যায়। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতু রেলসংযোগের (পদ্মা রেল লিংক) একটি পিলার গভীর রাতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের গতি কমিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা রেলস্টেশন এলাকায় পদ্মা রেল লিংকের ৩৪ নম্বর পিলারসংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে।

গাজীপুরের ভুরুলিয়ায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক ইউসুফ আলী। এদিকে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় মো. শাহিন নামের একজনকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়ে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিআরটিসির বাস ডিপোতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত ২টা ২৫ মিনিটে নগরের আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া রাতে টার্মিনালে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে একটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি বাস পুড়ে যায়। অন্যটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গতকাল রাত সোয়া ১১টার দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে ঈশ্বরদী-বানেশ্বর সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের শাখাসংলগ্ন এলাকা থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। আজ সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের মালিকানাধীন মুদিদোকানে আজ ভোর পাঁচটার দিকে আগুনের ঘটনা ঘটে। উপজেলার বিয়াঘাট হাটপাড়া এলাকায় ওই নেত্রীর বাসার সামনেই দোকান দুটির অবস্থান। আগুনের ঘটনায় দোকানঘর দুটির অধিকাংশ মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নবনির্মিত মিলনায়তনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। ককটেল বিস্ফোরণে সদর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মিলনায়তনের দুটি চেয়ার পুড়ে যায় এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়। ইউএনও তামারা তাসবিহা বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে বুধবার দিবাগত রাত দুইটার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সুজানগর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, আগুনে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলার আতাইকুলা, ভাঙ্গুড়া, সাঁথিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে মশালমিছিল বের করে মহাসড়ক অবরোধের চেষ্টা চালান।

গতকাল রাত ১২টার পর টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। গোড়াই হাইওয়ে থানার অদূরে মহাসড়কের সোহাগপুর এলাকায় সড়কের দক্ষিণ পাশে স্মৃতিস্তম্ভটি অবস্থিত। রাত ১২টার পর কয়েকজন যুবক সেখানে এসে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে স্মৃতিস্তম্ভে আগুন ধরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার উড়ালসড়ক থেকে নিচের দিকে পেট্রলবোমা ছোড়ার ঘটনাও ঘটেছে। এতে কিছু সময়ের জন্য ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। চলন্ত বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। এতে বাসের কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা তা নিভিয়ে ফেলেন। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ‘যাতায়াত’ পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। জেলার কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ। গতকাল রাত ১১টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের বাজারসংলগ্ন ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানটির মালিক জসিম মিয়াকে আটক করা হয়েছে।

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টা ১৫ মিনিটে জারিয়া-ময়মনসিংহের বিসকা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ট্রেনের ১৮৯৬ নম্বর কোচের দুটি সিট পুড়ে যায়। গৌরীপুর জংশনের স্টেশনমাস্টার আতাউর রহমান বলেন, রাতের ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ ভোরে ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে পার্ক করে রাখা মীর এক্সপ্রেস নামের একটি বাসে এবং ফুলবাড়িয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলবাড়িয়ার ইউএনও শহীদুল ইসলাম।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

১৮ জেলায় ছড়িয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা, নিহত ৪; প্রধানমন্ত্রী বললেন ‘সন্ত্রাসী গোষ্ঠী’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংসতায় অন্তত চারজন মারা গেছেন। নিউ এইজের প্রধান শিরোনামের এই খবরে বলা হয়েছে, এই সহি…

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই
জাতীয়

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় যানবাহন দুটির ব্যাপক …

ভৈরবে চলন্ত যাত্রীবাহী বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
জাতীয়

ভৈরবে চলন্ত যাত্রীবাহী বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের কাচে আগুন ধরে যায…