ঘূর্ণিঝড় আকভানে দুবলার চরের শুঁটকিপল্লিতে বিপাকে ১০ হাজার জেলে, বৃষ্টিতে নষ্ট হচ্ছে মাছ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এতে দুই দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন সুন্দরবনের দুবলার চরের শুঁটকিপল্লির জেলেরা।
চরে শুঁটকি তৈরির জন্য নির্মিত মাচা রক্ষা ও কাঁচা মাছ সংরক্ষণ নিয়ে দুর্ভোগে পড়েছেন জেলেরা। অনেকের মাছ ও শুঁটকি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
ঝোড়ো বাতাস ও বৃষ্টি থেকে রক্ষা পেতে সমুদ্রগামী জেলেরা তাঁদের ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। এ নিয়ে এবারের শুঁটকি তৈরির মৌসুমে দুই দফায় ১০ হাজার জেলে ও ব্যবসায়ীকে প্রাকৃতিক দুর্যোগে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দুবলার আলোরকোল থেকে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান, গত বুধবার থেকে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে মাছ ধরতে না পেরে জেলেরা তাঁদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
কামাল উদ্দিন আহমেদ আরও জানান, দুই দিন আগে সাগর থেকে ধরে এনে শুকাতে দেওয়া মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। সহসা আবহাওয়া ভালো না হলে এসব মাছ রক্ষা করা যাবে না। এবারের শুঁটকি মৌসুমের শুরুতে জেলেরা দুইবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন বলেও তিনি জানান।
বাগেরহাটের রামপাল উপজেলা জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছেন জেলেরা। এর আগে চলতি মাসের শুরুতে ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে সাগর উত্তাল ছিল এবং সে সময়ও জেলেরা ক্ষতির মুখে পড়েন। আবারও ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় জেলেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং দুই দিনের বৃষ্টিতে অনেক মাছ ভিজে নষ্ট হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল রয়েছে, এ কারণে দুবলার চরের শুঁটকিপল্লির জেলেরা দুই দিন ধরে সাগরে মাছ ধরতে যেতে পারেননি। বর্তমানে দুবলার চর এলাকায় ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন।
গত ২৯ অক্টোবর থেকে সুন্দরবনে শুঁটকি তৈরির মৌসুম শুরু হয়। পাঁচ মাস দুবলার চরসহ বিভিন্ন চরে অস্থায়ী স্থাপনা ও মাচা তৈরি করে এই শুঁটকি উৎপাদন শুরু হয়। জেলেরা সাগর থেকে মাছ শিকার করে মাচায় শুকিয়ে শুঁটকি তৈরি করেন। এবার শুঁটকিপল্লি থেকে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে ৮ কোটি টাকা।
এদিকে টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরে পণ্য বোঝাই ও খালাসের কাজ ব্যাহত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. সালাহ্ উদ্দিন কবির বলেন, মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে, তবে টানা বৃষ্টিতে একটু সমস্যা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।



