…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ক্রিসমাস দ্বীপে সাগরের দিকে ১০ কোটি লাল কাঁকড়ার যাত্রা, সংখ্যা বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক
ক্রিসমাস দ্বীপে সাগরের দিকে ১০ কোটি লাল কাঁকড়ার যাত্রা, সংখ্যা বেড়ে দ্বিগুণ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের ১০ কোটির বেশি লাল কাঁকড়া বনের ভেতর থেকে দল বেঁধে সাগরের দিকে যাত্রা শুরু করেছে। স্থানীয় পরিবেশকর্মীরা চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলেই এই দ্বীপের লাল কাঁকড়াগুলো সাগরের দিকে ছোটে। বন, সড়ক ও সেতু পেরিয়ে সাগরের দিকে ছুটতে থাকা কাঁকড়ায় পুরো রাস্তা ঢেকে যায়।

অস্ট্রেলিয়ার পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদের অবস্থান ও জোয়ার-ভাটার সঙ্গে এই যাত্রার সময় নির্ধারিত হয়। কাঁকড়াগুলো মূলত চাঁদের শেষ চতুর্থাংশে, যখন জোয়ারের পানি নামতে থাকে, সূর্য ওঠার আগেই ডিম ছাড়ে। তাই বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা জঙ্গল ছেড়ে সমুদ্রের দিকে যায়। অর্থাৎ লাল কাঁকড়ার এই বিশেষ যাত্রার উদ্দেশ্য প্রজনন।

ক্রিসমাস আইল্যান্ড ভারত মহাসাগরের প্রত্যন্ত একটি দ্বীপ। এটি ইন্দোনেশিয়ার দক্ষিণে ৩৫০ কিলোমিটার দূরে এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত।

প্রতিবছর কাঁকড়াদের এই বিশাল যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় পরিবেশকর্মীদের কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়।

ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস বলেন, এই দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রিসমাস দ্বীপে আসেন।

চার্ট্রেস আরও বলেন, লাল কাঁকড়ার সংখ্যা বৃদ্ধিতে দীর্ঘদিনের সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ইয়েলো ক্রেজি অ্যান্ট বা হলুদ পাগল পিঁপড়ার নিয়ন্ত্রণ কাঁকড়ার জন্য অত্যন্ত জরুরি ছিল। এই প্রজাতির পিঁপড়া লাল কাঁকড়ার সবচেয়ে বড় শত্রু।

বিরক্ত বা উত্তেজিত হলে অস্বাভাবিক ও দ্রুত ছোটাছুটি করে বলে এই পিঁপড়াদের ‘ক্রেজি অ্যান্ট’ বা পাগল পিঁপড়া নামে ডাকা হয়। একসময় তারা কাঁকড়ার গর্ত দখল করে দ্বীপে কয়েক কোটি লাল কাঁকড়ার আবাসস্থল দখল করে নিয়েছিল। এতে বিপুলসংখ্যক কাঁকড়া স্থানচ্যুত হয়।

এরপর পিঁপড়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন উদ্যোগের ফলে লাল কাঁকড়ার সংখ্যা আবার বেড়েছে। পরিবেশকর্মীদের হিসাবে, একসময় দ্বীপে কাঁকড়ার সংখ্যা ছিল ৫ কোটি; এখন তা বেড়ে ১০ কোটির বেশি হয়েছে।

চার্ট্রেস বলেন, কাঁকড়ার সংখ্যা বেড়ে যাওয়া তাদের সুস্থভাবে টিকে থাকার লক্ষণ। লাল কাঁকড়া এই দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; তারা বনভূমির ভারসাম্য রক্ষা করে। ফলে কাঁকড়ার সংখ্যা ও স্বাস্থ্য ভালো থাকলে পুরো বাস্তুতন্ত্রই উপকৃত হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

এল নিনোর খরায় পানিসংকট, ফিজিতে এক মাসের জাতীয় দুর্যোগ ঘোষণা
আবহাওয়া ও পরিবেশ

এল নিনোর খরায় পানিসংকট, ফিজিতে এক মাসের জাতীয় দুর্যোগ ঘোষণা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে এল নিনোর প্রভাবে সৃষ্ট খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত কম হওয়ায় দ…

আবহাওয়া ও পরিবেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভোর থেকে ঢাকায় বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে বৃষ্টি শুরু হয়। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়িগু…

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে আসা কুমির দুই মাস পর উদ্ধার, নেওয়া হচ্ছে গাজীপুর সাফারি পার্কে
আবহাওয়া ও পরিবেশ

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে আসা কুমির দুই মাস পর উদ্ধার, নেওয়া হচ্ছে গাজীপুর সাফারি পার্কে

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় লোকালয়ে চলে আসা কুমিরটি অবশেষে উদ্ধার করেছে বন বিভাগ। দুই মাস পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কুমিরটিকে উদ্ধার করা হয়…

আবহাওয়া ও পরিবেশ

লালমনিরহাটে প্রধানমন্ত্রী: পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান…