মৌলভীবাজারে মনু নদের বাঁধ রক্ষায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প আটকে আছে বাধায়, বর্ষায় আতঙ্কে লাখো মানুষ

বন্যা থেকে মৌলভীবাজারের মানুষকে রক্ষায় মনু নদের ঝুঁকিপূর্ণ বাঁধ ও তীর রক্ষায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ২০২০ সালে। ২০২৩ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালে এসেও সম্পন্ন হয়নি প্রকল্পের ৪০ শতাংশ কাজ।
জমি অধিগ্রহণ জটিলতা, স্থানীয়দের বাধা ও ভারতের আপত্তিতে আটকে আছে একাধিক প্যাকেজ। বিশেষ করে সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ডের ১ হাজার ৪৫০ মিটার বাঁধের কাজ শুরুই করা যায়নি। ফলে প্রতি বর্ষায় বন্যা ও ভাঙনের আতঙ্কে দিন কাটছে মনুপারের লাখো মানুষের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে ৯৯৬ কোটি ২৮ লাখ টাকার এই প্রকল্পটি একনেকে অনুমোদন হয়। ২০২১ সালে কাজ শুরু হয়। ২০২৩ সালের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা ছিল, পরে ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
জেলার কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার মনু নদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকায় ৭০টি প্যাকেজে ভাগ করে কাজ করার কথা থাকলেও বাস্তবে প্রকল্পের ৬০ শতাংশ কাজ করে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জমি অধিগ্রহণের জটিলতা ও স্থানীয়দের বাধার কারণে কাজ করানো সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী তেলিবিল, বাগজুর ও নিশ্চিন্তপুর এলাকার নো ম্যানস ল্যান্ডের কাজ বন্ধ আছে।
সরেজমিনে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের শতবর্ষী কাউকাপন বাজারে দেখা যায়, ভাঙনে বাজারের পূর্ব পাশের বেশির ভাগ অংশ বিলীন হয়ে গেছে। বাজারের প্রায় ৪০টি দোকান নদে বিলীন হয়েছে, পাশাপাশি সড়কের একটা অংশও বিলীন হয়ে গেছে। দোকান ও ভিটামাটি হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। এই বাজারের ৪৫০ মিটার বাঁধের কাজ করা এখনো সম্ভব হয়নি।
শরীফপুর ইউনিয়নের তেলিবিল এলাকার নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশের অংশে বাঁধ ভেঙে স্থানীয়দের ঘরবাড়ির কাছে চলে এসেছে। নদে পানি বৃদ্ধি পেলে বাঁধ উপচে পানি বাইরে আসে বলে জানান বাসিন্দারা। এই এলাকায় ৬৫০ মিটার বাঁধ ব্লক দিয়ে কাজ করার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লক তৈরি করে রেখেছে তিন বছর ধরে, তবে বাংলাদেশ-ভারত যৌথ নদী গবেষণা কমিশন কোনো সমাধান না করায় কাজ হচ্ছে না।
ভারতের দাবি, মনু নদের মাঝখানে সীমানা পিলার রয়েছে, তবে নদ থেকে কাঁটাতারের বেড়া কয়েক শ মিটার দূরে। তেলিবিলের পাশেই বাগজুরে রয়েছে ৩০০ মিটার নো ম্যানস ল্যান্ড, সেখানেও বাংলাদেশের অংশ ভেঙে গেছে। নিশ্চিন্তপুর সীমান্তে ৫০০ মিটার কাজ হওয়ার কথা, এই কাজের একবার টেন্ডার দিয়ে বাদ দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার প্রায় ৩০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য নেওয়া প্রকল্পটি ৭০ প্যাকেজে ভাগ করা হয় এবং কাজের প্রায় ২০ জন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ভারতের বাধায় নো ম্যানস ল্যান্ডের তিনটি প্যাকেজের কাজ করা যাচ্ছে না, এ ছাড়া কাউকাপনসহ বেশ কিছু এলাকায় বাধার জন্য কোনো কাজ করানো যাচ্ছে না।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, সীমান্ত এলাকাসহ বেশ কিছু জায়গায় কাজের জন্য তিন বছর ধরে ব্লক তৈরি করে রাখা হয়েছে, তবে স্থানীয়দের বাধার কারণে কাজ করা যাচ্ছে না, এতে তাঁদের অনেক লোকসান হচ্ছে।
তেলিবিল এলাকার জামাল হোসেন বলেন, নদে পানি বৃদ্ধি পেলে তাঁরা অনেক আতঙ্কে থাকেন। বাঁধের পাশে ঠিকাদার ব্লক এনে রেখেছেন, শুনেছেন ভারতীয়রা দাবি করেছে নদের মাঝখানে উভয় দেশের সীমানা, এ জন্য কাজ করতে দিচ্ছে না। এই বাঁধ মেরামত করা না হলে নদে পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে যাবে বলে তিনি আশঙ্কা করেন।
কাউকাপন এলাকার বাসিন্দা জুনেদ আহমদ বলেন, বর্ষা মৌসুমে মনু নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের আতঙ্ক বাড়ে। গত কয়েক বছরে কাউকাপন বাজারের বেশির ভাগ দোকান নদে বিলীন হয়েছে, শুধু দোকান নয়, সড়ক ও বিভিন্ন মানুষের জায়গা, ঘরবাড়িও বিলীন হয়েছে।
মৌলভীবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, মানুষজন আপত্তি দিয়ে রেখেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লক প্রস্তুত করেছে, তা ফেলতে পারছে না। রাজনগরের একটি কাজের সাইটে তাঁদের একজনকে স্থানীয়রা মারধর করেছে। তিনি বলেন, প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ স্থানীয় এলাকাবাসীর বাধায় করা যাচ্ছে না এবং নো ম্যানস ল্যান্ডের কাজের কোনো অগ্রগতি নেই।



