…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

আওয়ামী লীগ ঠেকাতে বৃহত্তর ঐক্যের উদ্যোগ, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ঠেকাতে বৃহত্তর ঐক্যের উদ্যোগ, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদে গত বুধবার বক্তৃতায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা দুজনই ঐক্যের কথা বলেন। এরপর অধিবেশন শেষে সংসদ ভবনেই একান্ত বৈঠকে বসেন দুই নেতা। এর পরপরই ঐক্যের উদ্যোগ জোরালো হয়।

জানা গেছে, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠক হতে পারে। সেই বৈঠক থেকে নতুন মোর্চার ঘোষণাও আসতে পারে বলে জানা গেছে।

সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য তৈরিতে উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপিদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে। বুধবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র আরও জানায়, বৈঠকে জুলাইয়ের পক্ষের সব দলগুলোর সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা। পাশাপাশি গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলন-সংগ্রামে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আগামী সপ্তাহের শেষ দিকে আলোচনা ও বৈঠকে বসার পরিকল্পনা চলছে। এর অংশ হিসেবে আলোচনার রূপরেখা তৈরির পাশাপাশি বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্ভাব্য এই বৈঠকে জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে অন্যান্য দলের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ শুরু করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা বৃহস্পতিবার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির একটি সম্ভাব্য বৈঠক ২৭ বা ২৮ নভেম্বর হতে পারে। বৈঠকের স্থান এখনো চূড়ান্ত করা হয়নি।

যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি আশরাফ উদ্দিন নিজান। তিনি বলেন, ‘গতকাল (বুধবার) পার্লামেন্টে পার্টি মিটিংয়ে আমি বলেছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। আগামী দিনে জাতীয় রাজনীতির যেকোনো সংকটে গণতন্ত্র এবং মানুষের কথা বলার ও বাক্‌স্বাধীনতার অধিকার রক্ষা করতে আন্দোলনের সকল শক্তি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে এবং তা প্রতিহত করবে। আন্দোলন-সংগ্রামে থাকা সকল দলকে সঙ্গে নিয়ে তাদের যেকোনো ষড়যন্ত্র ও প্রক্সি যুদ্ধ বা আকস্মিক নাশকতার চেষ্টা আমরা একসঙ্গে প্রতিহত করব।’

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, ‘সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে বাকি বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।’ ঐক্যের কথা বললেও গণভোট ও জুলাই সনদ কার্যকরের শর্ত দিয়েছে জামায়াত ও এনসিপি।

জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে জুলাইয়ের সব শক্তি একমত। ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া যাবে না; এর শিকড় সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দল এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা মনে করি, জাতীয় ঐক্য অবশ্যই প্রয়োজন। তবে তা শুধু আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলার জন্য নয়; রাষ্ট্র পুনর্গঠন, সংস্কার, ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনীতি বিনির্মাণসহ সব ক্ষেত্রেই সার্বিক জাতীয় ঐক্য প্রয়োজন।’

এদিকে এনসিপির নেতারা বলছেন, সরকার এককভাবে পরিস্থিতি সামাল দিতে না পারলে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর প্রতি আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান জানাতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, বিএনপির পক্ষ থেকে তাঁদের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় দলটির নিজস্ব কর্মসূচি থাকবে।

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন — এই পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না। জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

১৯৯৯ সালের শুরু থেকেই জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছিল বিএনপি-জামায়াত। জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত অধিকাংশ সময় একসঙ্গেই ছিল দল দুটি। কিন্তু গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচনী রাজনীতিতে প্রতিপক্ষ হয়ে পড়ে তারা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ক্ষমতাসীন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত-এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নির্বাচনের পরে জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে বিএনপি ও জামায়াত জোটের মধ্যে মতপার্থক্য প্রকট হয়ে ওঠে। বিএনপি সংবিধান সংশোধন করে সনদ বাস্তবায়নের পক্ষে, অন্যদিকে জামায়াত-এনসিপি জোট গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার চায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেন, সরকার ও সংসদের বিরোধী দলের মধ্যে ক্রমাগত দূরত্ব এবং পরস্পরকে আক্রমণের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে যে ঐক্যের ডাক এসেছে, দেশের বিদ্যমান বাস্তবতায় তা প্রয়োজন বলে মনে করে দেশবাসী। কারণ, এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি চলতে থাকলে জনগণের জীবনযাত্রা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। তাই এ বিষয়ে সমন্বিতভাবে অগ্রণী ভূমিকা নেওয়া হলে তা ইতিবাচক হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

প্রেসক্লাবে আলোচনা: পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করেই পার্বত্য সংকটের সমাধান
রাজনীতি

প্রেসক্লাবে আলোচনা: পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করেই পার্বত্য সংকটের সমাধান

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়; এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ভূরাজনীতি ও জাতীয় ঐক্য…

রাজনীতি

সংসদ ভবনে আইএইউপি প্রতিনিধিদের সঙ্গে স্পিকার: ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল অবাধ ও গ্রহণযোগ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ওই নির্বাচনের মাধ্য…

রাজনীতি

১৬ জেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় আগুন, সিলেটে পুড়ল চার মিনিবাস

দেশের ১৬টি জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা, যানবাহন ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১…

মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট
রাজনীতি

মুকসুদপুরে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ…