…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

১৬ জেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় আগুন, সিলেটে পুড়ল চার মিনিবাস

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৬টি জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা, যানবাহন ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত এসব ঘটনা ঘটে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেট।

এসব জেলার বিভিন্ন স্থানে বাস, ট্রাক ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিদ্যুৎ কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ভূমি কার্যালয়, জুলাই স্মৃতিস্তম্ভ ও গ্রামীণ ব্যাংকের শাখায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িসহ তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল, বিক্ষোভ ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়া হয়; থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়িসহ ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারার তৈলাদ্বীপ এলাকায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে বুধবার রাতে রামদা ও লগি-বৈঠা হাতে মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেন। বাঁশখালীর কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি সড়কে বৃহস্পতিবার ভোরে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়; পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। একই সময়ে উপজেলার একটি গ্রামীণ ব্যাংক শাখার বাইরে আগুন দেওয়া হয়।

নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের মালিকানাধীন দুটি মুদিদোকানে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে আগুন দেওয়া হয়। বেয়াঘাট হাটপাড়া এলাকায় তাঁর বাড়ির সামনে দোকান দুটির অবস্থান। মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

গাজীপুরের ভুরুলিয়ায় বৃহস্পতিবার রাত তিনটার দিকে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক ইউসুফ আলী জানান, ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রলজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। ইউএনও শহীদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। একই দিন ভোর পৌনে চারটার দিকে ভালুকার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় পার্কিং করা মীর এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক কর্মী দ্রুত বেরিয়ে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার রাত ১২টার পর জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা; এতে স্মৃতিস্তম্ভের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই উড়ালসড়ক থেকে নিচে পেট্রলবোমা ছোড়া হয়, এতে কিছু সময় ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে বুধবার রাত ১১টার দিকে সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের বাজারসংলগ্ন একটি কাঠের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩০০টি লগি-বৈঠা জব্দ করে পুলিশ। দোকানমালিক জসিম মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জসিম ও রঞ্জু মিয়া নামের দুই কাঠ ব্যবসায়ী কয়েক হাজার লগি-বৈঠা তৈরির অর্ডার পেয়েছিলেন; এর মধ্যে জসিম প্রায় ৩০০টি তৈরি করেছিলেন এবং পরদিন সেগুলো সরবরাহের কথা ছিল। রঞ্জু মিয়াকে আটক করা যায়নি। পুলিশের দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব তৈরির অর্ডার দিয়েছিলেন। এদিকে ভৈরবের জগন্নাথপুর এলাকায় বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত যাতায়াত পরিবহনের একটি বাসে ককটেল নিক্ষেপ করা হয়; এতে বাসের কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়, যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন।

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভবনে বুধবার গভীর রাতে আগুন দেওয়া হয়। জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় বেশ কিছু আসবাব পুড়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর জানান, হেলমেট পরা এক ব্যক্তি রাত একটার দিকে আগুন দেন; নাইট গার্ড ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি খড়বোঝাই ট্রাক ও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দেয়। সকাল সোয়া নয়টার দিকে কাঁচপুর সেতু এলাকায় যাত্রীসেবা পরিবহনের বাসে যাত্রীবেশে উঠে দুর্বৃত্তরা আগুন দেয়; আরোহীরা নিরাপদে বেরিয়ে আসেন।

নেত্রকোনায় ট্রেন, গ্রামীণ ব্যাংকের শাখা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বিশকা স্টেশনে পৌঁছালে জারিয়া থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে পূর্বধলার বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখার বারান্দায় আগুন দেওয়া হয়; নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা আগুন নেভান, এতে ব্যাংকের ভেতরে ক্ষতি হয়নি। নেত্রকোনা সদরের কাইলাটিতে ফচিকা ইউনিয়ন ভূমি কার্যালয়েও আগুন দেওয়া হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মধুসূদন সরকার জানান, জানালা খুলে প্লাস্টিকের বোতলে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে; এতে একটি কাঠের চেয়ার পুড়ে যায় এবং স্টিলের আলমারি কালো হয়ে যায়।

রাজশাহীর আমচত্বরে বুধবার রাত ২টা ২৫ মিনিটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিআরটিসির বাস ডিপোতে আগুন দেওয়া হয়। একই রাতে টার্মিনালে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে একটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি বাস পুড়ে যায়, অন্যটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে রাত সোয়া ১১টার দিকে চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়া হয়। বাঘার মনিগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখার পাশ থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় রাখা একটি চেয়ারের ওপর থেকে টিফিনবক্স আকৃতির পাত্রে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরীক্ষা করতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দিয়েছে পুলিশ। জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, সিসিটিভি ফুটেজে ভোরে চাদর ও মাস্ক পরা এক যুবককে সেখানে ঘোরাফেরা করতে দেখা গেছে; বিষয়টি যাচাই করা হচ্ছে।

রংপুর মহানগরের দর্শনা রোডে বিএসটিআই কার্যালয়ের কাছে সাজু মিয়ার গ্যারেজে বৃহস্পতিবার ভোর চারটার দিকে শাপলা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। নৈশপ্রহরী সিরাজুল ইসলামের ভাষ্য, মাস্ক পরা তিন ব্যক্তি বাসটির কাছে যাওয়ার পর আগুন জ্বলতে দেখেন তিনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল হক জানান, বাসটির বেশির ভাগ পুড়ে গেছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে বুধবার রাত দুইটার দিকে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়া হয়। উপজেলা পরিষদের ডরমিটরি ও পশু হাসপাতালের পাশে ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম চলে। শাখা ব্যবস্থাপক আবু হানিফ জানান, দরজার সামনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হলেও নৈশপ্রহরী ও স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন; আসবাব ও কাগজপত্র অক্ষত রয়েছে।

সিলেট নগরের চালিবন্দর এলাকায় বৃহস্পতিবার ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে চারটি মিনিবাসে আগুন দেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, ঘটনাটি নাশকতা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় ২৩, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে মোতায়েনের জন্য আরও পাঁচ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জননিরাপত্তাসংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

প্রেসক্লাবে আলোচনা: পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করেই পার্বত্য সংকটের সমাধান
রাজনীতি

প্রেসক্লাবে আলোচনা: পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করেই পার্বত্য সংকটের সমাধান

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়; এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ভূরাজনীতি ও জাতীয় ঐক্য…

রাজনীতি

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন, গেটে আগুন নেভালেন স্থানীয়রা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘা উপজেলার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।…

রাজনীতি

সংসদ ভবনে আইএইউপি প্রতিনিধিদের সঙ্গে স্পিকার: ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল অবাধ ও গ্রহণযোগ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ওই নির্বাচনের মাধ্য…

আওয়ামী লীগ ঠেকাতে বৃহত্তর ঐক্যের উদ্যোগ, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা
রাজনীতি

আওয়ামী লীগ ঠেকাতে বৃহত্তর ঐক্যের উদ্যোগ, ২৭ বা ২৮ নভেম্বর সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক সব শক্তিকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার উদ্যোগ নেওয়া হয়…