কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন: ঋণ নয়, অর্থের উৎপাদনশীল ব্যবহারই বড় চ্যালেঞ্জ, বললেন বিশেষজ্ঞরা

কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন। মূল সমুদ্রসৈকত থেকে প্রায় ৬০০ গজ দূরের এই হোটেলেই দুই দিনের সম্মেলনটি হয়।
সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিরা অংশ নেন। সরকারি ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়ে দুই দিনে সাতটি অধিবেশন অনুষ্ঠিত হয়।
দুই দিনের আলোচনায় বিশেষজ্ঞরা বলেছেন, শুধু ঋণ সংগ্রহ নয়, সেই অর্থের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আলোচনায় বন্ড, সুকুক ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে অর্থায়নের উৎস বাড়ানো, রাজস্ব আয় বৃদ্ধি এবং ঋণ ব্যবস্থাপনায় সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমিয়ে বন্ড ও সুকুকের বাজার বড় করা, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং সরকারি বিনিয়োগে বেসরকারি মূলধন যুক্ত করার বিষয়গুলো সামনে আসে। তবে নতুন অর্থায়নের উৎস খুঁজতে গিয়ে উচ্চ সুদ, বৈদেশিক মুদ্রার ঝুঁকি ও ভবিষ্যৎ ঋণ পরিশোধের চাপ যেন না বাড়ে, সে সতর্কতাও ছিল আলোচনায়।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমাতে চায় সরকার। এ জন্য পুঁজিবাজার ও বন্ড বাজার শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে ইউরোবন্ড, সুকুক, জাপানের সামুরাই বন্ড ও চীনের পান্ডা বন্ড ছাড়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি স্থানীয় বন্ড বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্মেলনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর কোন বছর কত বৈদেশিক ঋণ শোধ করতে হবে, সেই হিসাব দেন। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ আসল ও সুদ মিলিয়ে ৪৪৯ কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় বার্ষিক পরিশোধের পরিমাণ ৫৫০ কোটি ডলারে উঠতে পারে। ২০৩০ অর্থবছরের দিকে তা পৌঁছাতে পারে ৭৬০ কোটি ডলারে।
তিতুমীরের মতে, অতীতে নেওয়া ঋণের মেয়াদপূর্তির কারণেই এই চাপ বাড়ছে। এ জন্য আগামী পাঁচ বছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব আয় ২ শতাংশ বাড়ানো হবে। পাশাপাশি ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুক ব্যবহারের পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংক কোনো দেশের ঋণ টেকসই কি না তা মূল্যায়ন করে, কিন্তু সেই ঋণ নেওয়া আদৌ যৌক্তিক ছিল কি না তা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট দেশের। তিনি বলেন, ঋণনীতির প্রভাব সরাসরি পড়ে সাধারণ মানুষের জীবনে; ডলারের সংকট হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
উদ্বোধনী অধিবেশনের পর আইএমএফের সাবেক উপদেষ্টা ও জলবায়ু অর্থায়ন বিভাগের প্রধান প্রসাদ অনন্তকৃষ্ণন ‘দেশগুলো কেন ঋণ নেয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কার্যকর সুদের হারের চেয়ে বেশি হলে সাধারণত ঋণ ব্যবস্থাপনা সহজ হয়, বিপরীত পরিস্থিতিতে ঋণ টেকসই রাখা কঠিন হয়ে পড়ে। তাঁর মতে, ঋণের অর্থ এমন উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহার করতে হবে, যা প্রবৃদ্ধি সৃষ্টি করবে, সরকারি সেবার মান উন্নত করবে এবং ভবিষ্যতে ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াবে।
দ্বিতীয় অধিবেশনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ ঋণবিশেষজ্ঞ লিলিয়া রাজলগ পাকিস্তানের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তান মার্কিন ডলার ও চীনা মুদ্রাভিত্তিক কর্মসূচির মাধ্যমে অর্থায়নের সুযোগ বাড়িয়েছে, গ্রিন পান্ডা বন্ড, ডিজিটাল খুচরা বন্ড ও জলবায়ুসংশ্লিষ্ট অর্থায়নের মতো নতুন উপকরণের উদ্যোগ নিয়েছে এবং কর-জিডিপি অনুপাত ৮ দশমিক ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৩ শতাংশে নিয়েছে।
তৃতীয় অধিবেশনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাতবিশেষজ্ঞ জসোল্ট বাঙ্গো স্থানীয় মুদ্রায় বন্ডবাজার উন্নয়নের ওপর গুরুত্ব দেন। অধিবেশনে বক্তারা বলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নির্ভরযোগ্য ঋণপত্র ইস্যু সূচি, সুস্পষ্ট কৌশল ও নিয়মিত যোগাযোগ নিশ্চিত করতে হবে এবং বাজারে লেনদেন বাড়াতে মার্কেট মেকার ও দ্বিতীয় পর্যায়ের বাজার শক্তিশালী করতে হবে।
দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সুকুক ও আন্তর্জাতিক বন্ড নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সুকুক বিশেষজ্ঞ লিম সায় চিয়ং। তিনি বলেন, সুকুক বাজার বড় করতে শক্তিশালী আইনি কাঠামো, শরিয়াহ তদারকি, বিনিয়োগকারীদের সুরক্ষা ও করের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সার্বভৌম ইউরোবন্ডের মাধ্যমে সরকার বড় অঙ্কের অর্থ দীর্ঘ মেয়াদে সংগ্রহ করতে পারলেও এতে সুদের ব্যয় বেশি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ষষ্ঠ অধিবেশনে আইএমএফের এশিয়া প্যাসিফিক বিভাগের বাংলাদেশ ডেস্কের অর্থনীতিবিদ ইউকুন ডিং অনলাইনে যুক্ত হয়ে বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানো হয়েছে। এ সময় সামগ্রিক সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার, বিশেষ করে রাজস্ব আহরণ বাড়ানোর কাঠামোগত সংস্কার বাস্তবায়নের সুযোগ রয়েছে।
সপ্তম অধিবেশনে এডিবির পরামর্শক জুলিয়ান সিম্যানস্কি সরকারি ঋণ ব্যবস্থাপনা কার্যালয় বা ডিএমও প্রতিষ্ঠা ও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচকেরা বলেন, খণ্ডিত ঋণ ব্যবস্থাপনার কারণে তথ্যের সামঞ্জস্য, সমন্বয় ও পরিচালনগত দক্ষতায় সমস্যা তৈরি হয়; কার্যকর কার্যালয়ে ঋণ গ্রহণের জন্য ফ্রন্ট অফিস, কৌশল ও ঝুঁকি বিশ্লেষণের জন্য মিডল অফিস এবং ঋণের তথ্য সংরক্ষণ ও পরিশোধের জন্য ব্যাক অফিস থাকা প্রয়োজন।
দুই দিনের আলোচনা থেকে কয়েকটি করণীয় স্পষ্ট হয়েছে বলে সম্মেলনে উঠে আসে: ব্যাংকঋণের বাইরে অর্থায়নের উৎস বাড়ানো, রাজস্ব আয় বাড়ানো, সব ঋণের তথ্য এক জায়গায় এনে শক্তিশালী ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গড়া, সরকারি বিনিয়োগে বেসরকারি মূলধন যুক্ত করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে অর্থনৈতিক পরিকল্পনা ও ঋণ ব্যবস্থাপনার তথ্য স্বচ্ছভাবে তুলে ধরা। আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল—ঋণ নেওয়া নিজে কোনো সমস্যা নয়; সমস্যা তৈরি হয় ঋণের অর্থ কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং সেই ঋণ পরিশোধের সক্ষমতা কতটা তৈরি হচ্ছে, তার ওপর।



