দিল্লি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম দুররানি
ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন গ্যাংস্টার নাসিম দুররানি। বৃহস্পতিবার ১৯ নভেম্বর দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে তিনি নিহত হন। এনডিটিভির প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাসিম দুররানি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ এবং ছোটা শাকিলের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। অপরাধ জগতে ‘রিজওয়ান’ ছদ্মনামেও পরিচিত ছিলেন ৩৭ বছর বয়সী এই গ্যাংস্টার।
নাসিমের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ২৫টিরও বেশি গুরুতর ফৌজদারি মামলা ছিল। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছিল। একাধিক গুরুতর অপরাধের এই আসামির মাথার দাম ধরা হয়েছিল ৫০ হাজার টাকা।
সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডেও নাসিমের নাম জড়িয়েছিল। গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় মন্ত্রী কপিল মিশ্রের অফিসের বাইরে সামির নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পুলিশের ভাষ্যে সেই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন নাসিম দুররানি।
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, নাসিম মূলত উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা হলেও উত্তর-পূর্ব দিল্লিতে নিজের আধিপত্য কায়েম করার চেষ্টা চালাচ্ছিলেন।
উত্তর-পূর্ব দিল্লিতে মাদক কারবার, জুয়া এবং তোলাবাজির দখল নেওয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী হারুন সাইফি এবং রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’ গ্যাংয়ের সঙ্গে নাসিমের দীর্ঘদিনের সংঘাত চলছিল বলে তদন্তকারীদের সূত্রে জানা গেছে।
চলতি বছরের ২৬ মে রাজা মেওয়াতিকে গুলি করে হত্যার ঘটনাতেও মূল শুটার হিসেবে নাসিমের নাম উঠে এসেছিল।
বৃহস্পতিবার বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা এসটিএফের যৌথ অভিযানেই নাসিমের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

