ক্ষমতা ছাড়ার চাপে নেতানিয়াহু: বিরোধী নেতা আইজেনকটকে সরকার গঠনের আমন্ত্রণ প্রেসিডেন্টের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে এবার একজোট হয়েছে দেশটির বিরোধী দলগুলো। এরই মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। বিরোধী জোট সরকার গঠনে সফল হলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে।
নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী। তিন দফায় প্রায় ১৯ বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশে ফৌজদারি মামলা হয়েছে এবং সেসব মামলার বিচার চলছে। দেশের বাইরে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ঝুলছে তাঁর বিরুদ্ধে।
বিবিসির প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত তিনটি বড় দুর্নীতির মামলা রয়েছে। ইসরায়েলের আইনি পরিভাষায় এগুলো ‘কেস ১০০০’, ‘কেস ২০০০’ এবং ‘কেস ৪০০০’ নামে পরিচিত। ২০১৬ সালে শুরু হওয়া দীর্ঘ তদন্তের পর ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে তাঁর বিচার শুরু হয়। মামলাগুলোয় তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
‘কেস ১০০০’-এর অভিযোগে বলা হয়েছে, নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু হলিউড চলচ্চিত্র প্রযোজক আর্নন মিলচান এবং অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকারের কাছ থেকে প্রায় ৭ লাখ শেকেল মূল্যের দামি সিগার এবং গোলাপি শ্যাম্পেন উপহার হিসেবে নিয়েছেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট অভিযোগে বলেছিলেন, এসব উপহার সাধারণ সৌজন্য ছিল না। অভিযোগ রয়েছে, এর বিনিময়ে ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে নেতানিয়াহু রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ওই ব্যবসায়ীদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন।
‘কেস ২০০০’ মামলাটি পত্রিকা ইয়েদিওথ আহারোনথের প্রকাশক আর্নন মোজেসের সঙ্গে নেতানিয়াহুর কথিত গোপন চুক্তি নিয়ে। অভিযোগ অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে নেতানিয়াহু আইন করে পত্রিকাটির প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েল হায়োমের প্রচার কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিনিময়ে মোজেসের পত্রিকায় নেতানিয়াহুর পক্ষে ইতিবাচক সংবাদ প্রচারের কথা ছিল। বিনা মূল্যে বিতরণ করা ইসরায়েল হায়োমের মালিক মার্কিন ধনকুবের শেলডন অ্যাডেলসন নেতানিয়াহুর বন্ধু ছিলেন।
‘কেস ৪০০০’ মামলায় সবচেয়ে গুরুতর অভিযোগটি তোলা হয়েছে। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পাশাপাশি যোগাযোগমন্ত্রীর দায়িত্বে থাকার সময় নেতানিয়াহু টেলিকম কোম্পানি বেজেকের মালিক শৌল ইলোভিচকে প্রায় ৫০ কোটি ডলারের ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে ইলোভিচের মালিকানাধীন নিউজ ওয়েবসাইট ওয়ালায় নেতানিয়াহু ও তাঁর পরিবারের ইতিবাচক খবর প্রকাশের জন্য কর্মীদের ওপর চাপ প্রয়োগ করা হতো বলে অভিযোগে বলা হয়েছে।
গবেষণা সংস্থা ইসরায়েল পলিসি ফোরামের ভাষ্যে, নিজের এবং স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে নেতানিয়াহু ও তাঁর জোট সরকার ইসরায়েলের বিচারব্যবস্থাকে দুর্বল করার উদ্যোগ নিয়েছিলেন।
বিচার বিভাগ সংস্কারের সেই উদ্যোগের প্রতিবাদে ইসরায়েলজুড়ে বড় বিক্ষোভ হয়েছিল। ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলন টানা কয়েক মাস চলে। সংস্কার প্রস্তাবের মধ্যে ছিল বিচারক নিয়োগে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো এবং পার্লামেন্টকে সুপ্রিম কোর্টের কিছু রায় বাতিল করার ক্ষমতা দেওয়া।
২০২৩ সালের মার্চে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সংস্কার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় নেতানিয়াহু তাঁকে বরখাস্ত করার ঘোষণা দেন। এর প্রতিবাদে সারা দেশে আরও তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সে বছরের সেপ্টেম্বরেও বিক্ষোভ অব্যাহত ছিল।
এর মধ্যেই আসে ২০২৩ সালের ৭ অক্টোবর। সেদিন গাজা থেকে হামাস দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে আক্রমণ করে। হামাস যোদ্ধারা কয়েক ঘণ্টায় প্রায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে এবং আড়াই শর বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায়, যাঁদের মধ্যে ইসরায়েলি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকেরা ছিলেন।
এবার বিরোধী জোটের সরকার গঠনের চেষ্টা সফল হলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে এবং তিনি শাস্তির মুখোমুখি হতে পারেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।


