ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: মার্কিন কমিশন

ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের, আরও বেশি লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, ‘ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে, তাদের বিদেশি হিসেবে আখ্যা দিয়ে এবং এখন বেআইনিভাবে দেশ থেকে বিতাড়িত করে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।’
ভারতে ভোটার তালিকা সংশোধনের ফলে প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। এই সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে এটিই সবচেয়ে বড় পরিসরে নাম বাদ দেওয়ার ঘটনা।
প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা গেছে, এই বাদ পড়ার ঘটনা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের ওপর।
তবে ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে যেসব নাম বাদ দেওয়া হয়েছে, সেগুলো মূলত একাধিকবার নিবন্ধিত ভোটার, মৃত ব্যক্তি, অন্যত্র চলে যাওয়া ব্যক্তি এবং অন্যান্য কারণে ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের। কমিশন আরও বলেছে, ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিল করতে পারবেন।
ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া অবৈধ অভিবাসী শনাক্ত ও তাদের দেশ থেকে বহিষ্কারের পৃথক একটি অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তিনি বিদেশি, এমন প্রমাণ প্রতিষ্ঠিত হয় না।
মার্কিন কমিশনের সদস্য জিন মিলস বলেন, ‘মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদেরই বহিষ্কার করা দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার কৌশলে এক ভয়াবহ মাত্রার নতুন সংযোজন।’ তিনি ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এ বিষয়ে মার্কিন সরকারের জন্য নীতিগত সুপারিশ করে সংস্থাটি। তবে তাদের সুপারিশ বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সংস্থাটির সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে ওয়াশিংটন এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। এ ধরনের সমালোচনা বারবার প্রত্যাখ্যান করে আসছে নয়াদিল্লি। ভারতের দাবি, এসব সমালোচনা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থী বিক্ষোভকারীদের অভিযোগ, এই সংশোধনের মাধ্যমে মূলত সেইসব মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যাদের বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম। বিক্ষোভ দমনে ভারতের সরকারের কঠোর পদক্ষেপেরও নিন্দা জানিয়েছেন মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা।
গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে বলেন, এটি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ এবং ওয়াশিংটন এ নিয়ে কোনো মন্তব্য করবে না।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে মুসলিমদের প্রতি বৈষম্য ও তাদের বাদ দেওয়ার নীতি বেড়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। জাতিসংঘের বিশেষজ্ঞ ও এসব সংগঠনের তুলে ধরা বিষয়ের মধ্যে রয়েছে বিদ্বেষমূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ও বাড়িঘর ভেঙে ফেলা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইন প্রণয়ন। জাতিসংঘ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে আখ্যা দিয়েছে।




