‘মহব্বত’-এ কিয়ারা আদভানি নেই, নায়িকা আগেই চূড়ান্ত: প্রযোজক আরশাদ আদনান
শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান বুধবার রাতে তাঁর ফেসবুকে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘নেক্সট’। এরপর থেকেই আলোচনা শুরু হয়—‘মহব্বত’-এ শাকিব খানের বিপরীতে কিয়ারা অভিনয় করবেন কি না।
কিয়ারা আদভানি ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবির সিং’ ও ‘শেরশাহ’ সিনেমার অভিনেত্রী। প্রযোজক তাঁর পোস্টে কোনো কিছু খোলাসা না করলেও নেটিজেনরা ধরে নেন, ‘মহব্বত’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন কিয়ারা। এ বিষয়ে একাধিক গণমাধ্যমের অনলাইন সংস্করণে খবরও প্রকাশিত হয়।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমায় নায়িকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমীকে ইতোমধ্যেই চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। ফলে হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমায় কিয়ারা আদভানির থাকার কোনো সম্ভাবনাই নেই।
প্রযোজনা সংস্থাটির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো দর্শকনন্দিত সিনেমার প্রযোজক আরশাদ আদনান যেহেতু কিয়ারাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন, ধারণা করা যাচ্ছে হয়তো আগামী বছরের নতুন কোনো সিনেমার ব্যাপারে ভাবা হচ্ছে।
চ্যানেল আই অনলাইনকে আরশাদ আদনান বলেন, মহব্বতের নায়িকা আগেই চূড়ান্ত করা হয়েছে। কিয়ারা আদভানি মহব্বতে নেই—এতটুকু নিশ্চিত। ভার্সেটাইল মিডিয়ার কোন প্রকল্পে কিয়ারা আদভানি থাকবেন, সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলপ্রসূ কিছু হলে তাঁরাই ঘোষণা দেবেন।
হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’-এর লেখক হিসেবে যুক্ত আছেন চলচ্চিত্র সমালোচক ও কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব, যিনি ‘আরএনএআর’ নামে পরিচিত। আগামী ঈদুল আজহায় ‘মহব্বত’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

