…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

জোরারগঞ্জের ওসিকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম প্রাণনাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ‘নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে পরিবার-পরিজনসহ বংশ নিশ্চিহ্ন করে দেওয়া হবে’—এমন হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে ওসিকে হুমকি দেওয়া হয়। নম্বরটিতে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম ব্যবহার করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ওই নম্বর থেকে ওসির সরকারি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে পাঠানো একাধিক বার্তায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রথমে ওই নম্বর থেকে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়।

পরে ওসিকে উদ্দেশ করে বলা হয়, তিনি আগের কার্যক্রম চালিয়ে গেলে শিগগিরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী বার্তাগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দেওয়া হয়।

একটি বার্তায় লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’ অন্য একটি বার্তায় ওসিকে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’

সবশেষে প্রাণনাশের হুমকি দিয়ে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কার্যক্রমে ছিলাম। ওই সময় মেসেজটি পাই। সাধারণত দায়িত্ব পালন করতে গিয়ে একটি গোষ্ঠী আমাদের নানা প্রতিবন্ধকতা তৈরি করতে চায়। তবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।’

নম্বরটি সম্পর্কে ওসি বলেন, নম্বরটি দেশ থেকে ব্যবহার করা হতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনা বেশি। বিদেশি নম্বর হওয়ায় শনাক্ত করতে সময় লাগবে। তিনি বলেন, ‘আমি এসবে ভয় পাই না।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক
আইন ও অপরাধ

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা বানিয়ে বিক্রি, চট্টগ্রামে তরুণ আটক

ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে মেশিনে ট্যাবলেট বানিয়ে বিক্রি করার অভিযোগে চট্টগ্রামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক তৌহিদ…

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭
আইন ও অপরাধ

ভুজপুরে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৭

চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর শনিবার (২১ ন…

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই যাত্রীকে আট…

আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশী দুজনের বিরুদ্ধে চালকের সন্দেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।…