শেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি, প্রেসক্লাবের সমাবেশে আবদুস সালাম

শেখ হাসিনার আহ্বানে দেশের কোথাও লকডাউন পালিত হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা হত্যা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে’ এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।
আবদুস সালাম বলেন, জনগণ তাঁর কথা শুনলে হয়তো কর্মসূচি পালিত হতো। তাঁর ভাষায়, শেখ হাসিনার উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং দীর্ঘ ১৭ বছর ধরে যে অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন করেছেন, তা আর করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়া।
ডিএসসিসি প্রশাসক বলেন, কয়েক দিন ধরে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘তিনি বলছেন দেশে আসবেন, আমরাও চাই আসুন। বাধা কোথায়? তিনি যাওয়ার সময় তাঁর ভিসা লাগেনি, আসার সময়ও ভিসা লাগবে না। সীমান্তে এলে পুলিশ ও সেনাবাহিনী তাঁকে নিয়ে এসে কারাগারে পাঠাবে।’ ভারতকেও তাঁকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে আসতে চান, সেটিই মূল বিষয়। তাঁর অভিযোগ, তিনি এ দেশের মানুষের বুক খালি করেছেন, মায়ের বুক খালি করেছেন, বাংলাদেশের ব্যাংকসহ সবকিছু খালি করেছেন, গুম ও খুন করেছেন, দেশের অর্থনীতি ধ্বংস করেছেন এবং স্বাধীনতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।
সোহেল মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গে আবদুস সালাম বলেন, শেখ হাসিনা এমনিতেই খুনের মামলার আসামি। সোহেল মোল্লার হত্যাকাণ্ডের মামলাতেও তাঁকে হুকুমের আসামি করা হয়েছে। এ সময় টঙ্গীর সাবেক এক মন্ত্রীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাঁর কোনো কাজ নেই, তিনিও হত্যার নির্দেশ দেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের দুই-চারজন কর্মী বাড়িঘরে থাকলেও তাঁদের ঘুম হারাম করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এখন আওয়ামী লীগ বলছে, ঢাকা শহরে কেউ হাঁটতে পারবেন না। তবে বিএনপি সেই পথ বন্ধ করে দিতে চায় না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রসঙ্গে তিনি বলেন, হত্যা ও খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে রায় ঘোষণা হয়েছে। পারলে তখন দেশে এসে আপিল করতেন। এখন আইনজীবী নিয়োগ করে লাভ নেই। যাদের গুম করেছেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তাঁকে জবাব দিতে হবে বলে তিনি বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে এবং প্রশাসনকেও আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, তারেক রহমানের সরকার কারও দয়ায় ক্ষমতায় আসেনি; এ দেশের জনগণ বিপুল ভোটের মাধ্যমে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের এবং এ ক্ষেত্রে সরকারকে আরও কঠোর হতে হবে।
বিভিন্ন প্রচারমাধ্যমে আওয়ামী লীগের গুণগান গাওয়ার সমালোচনা করে তিনি বলেন, যারা আওয়ামী লীগের গুণগান গাইছে এবং আন্ডারগ্রাউন্ড পার্টির পক্ষে সাফাই গাইছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাঁর অভিযোগ, শেখ হাসিনার উচ্ছিষ্টভোগীরাই এখনো তাঁর গুণগান করছেন এবং যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাঁর পক্ষে অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
আবদুস সালাম বলেন, বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি। তাঁর ভাষায়, ২৪ আগস্টের অভ্যুত্থান জনগণ ঘটিয়েছে এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়েই শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে যারা অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আগামী ডিসেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের পাশে রয়েছে। যারা এত দিন লুটপাট করেছে, তাদের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া করে বোমাবাজি করানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সাহস থাকলে তাদের দেশের ভেতরে এসে প্রকাশ্যে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান।




