খাগড়াছড়িতে বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে, অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। তিনি এই হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন।
আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ কথা বলেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’
ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন বলে পোস্টে উল্লেখ করেছেন সাদিক কায়েম, যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী।
তিনি লিখেছেন, হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
সাদিক কায়েম লিখেছেন, হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে জুলাইপন্থী ছাত্র-জনতাকে দমানো যাবে না; এসব চোরাগোপ্তা কর্মকাণ্ড তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে। তিনি আরও লিখেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
মিয়া গোলাম পরওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।



